২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খুলনায় শান্তি কমিটির প্রধান ছিলেন ইউসুফ’

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় খুলনা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি রাজাকার বাহিনী গঠনেও তার ভূমিকা ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 05:45 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২ এ রোববার প্রসিকিউশনের ১৫তম সাক্ষী সুনিল কুমার ডাকুয়া এই তথ্য জানান।

৬৭ বছর বয়সী কৃষিজীবী সুনীল কুমাল তার সাক্ষ্যে জানান, ১৯৭১ সালের ৩০ আশ্বিন শুক্রবার বেলা ৩টায় বাড়ি থেকে বাগেরহাটের ভাষাবাজারে আসেন তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এর ঘণ্টাখানেক পরে ৪৫/৪৬ জন সশস্ত্র রাজাকার বাজার ঘিরে ফেলে। তারা হাট থেকে তাকেসহ ২০-২২ জনকে বেঁধে মঘিয়া মোড়ের দিকে নিয়ে যায়।

সুনীল তার দুই মামাকে হত্যার বর্ণনা দিয়ে বলেন, “আমার মামা হরেরাম মণ্ডলকে নির্যাতনের পর গুলি ও বেয়নেট চার্জ করে মেরে ফেলে রাজাকাররা।”

এরপর তার মামার পরনের ধুতি দিয়ে ধরে আনা ৬-৭ জনকে বেঁধে গুলি করে হত্যা করা হয় বলে সাক্ষ্যে জানান সুনীল।

তিনি আরো বলেন, “আমি সে সময় আরেক মামা ফণিভূষণের কোলে ছিলাম। রাজাকাররা পিছন দিক থেকে আমাদেরকে লক্ষ্য করে গুলি করে। গুলিতে আমার এই মামা তাৎক্ষণিকভাবে মারা যান।গুলিটি আমার পিঠে ‍বিদ্ধ হয়ে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এরপরে রাজাকাররা আমার শরীরে বেয়নেট চার্জ করে।”

রাজাকাররা চলে যাওয়ার পর পাশের বাড়ির ফকির ও নিরুভুই মালি তাকে উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়। পরদিন এক বোবা লোক একটি নৌকায় করে সুনীলকে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়, জানান সুনীল কুমার ডাকুয়া।

এরপর এ সাক্ষীকে জেরা করেন একেএম ইউসুফের আইনজীবী গাজী এমএইচ তামিম।

ইউসুফের বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ পর্যন্ত তার বিরুদ্ধে ১৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

গত ১২ মে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ইউসুফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই দিনই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।