নওগাঁ সীমান্তে আটক যুবককে ফেরত দিয়েছে বিএসএফ
নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত থেকে আটক বাংলাদেশি কৃষক নাজমুল হোসেনকে (৩৫) ফেরত দিয়েছে বিএসএফ।
বিজিবি জানায়, রোববার বেলা ১১টার দিকে সীমান্তের ২৩৬ মেইন পিলারের পাশে জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।
এরপর তাকে সাপাহার থানায় সোপর্দ করা হয়েছে। নাজমুল সাপাহারের হাপানিয়া কৃশনোসদা গ্রামের জমির উদ্দিনের ছেলে।
নওগাঁ ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার লে. কর্নেল সালাহউদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার ২৩৫ নং মেইন পিলারের কাছ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাকে আটক করে।
ওইরাতেই নাজমুলকে ফেরত আনতে পতাকা বৈঠকের আহবান জানিয়ে চিঠি দেওয়া হয় ভারতের পান্নাপুর ক্যাম্পের বিএসএফকে।
বিজিবি হাঁপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল ওছমান গনি জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার অভিযোগে বাংলাদেশের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নাজমুলকে সাপাহার থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
