২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার দুর্নীতির মামলার অভিযোগ গঠন ১২ জানুয়ারি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 05:28 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

রোববার জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের দিন থাকলেও অবরোধ ও হরতালে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে হাজিরা ও শুনানির জন্য সময় চান তার আইনজীবীরা।

ঢাকার বিশেষ জজ-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মো মোজাম্মেল হক আবেদনের শুনানি শেষে আগামী ১২ জানুয়ারি আবার অভিযোগ গঠনের দিন রাখেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার আরো দুই আসামি বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পক্ষে একান্ত সচিব মনিরুল ইসলাম খান আদালতে উপস্থিত ছিলেন।

খালেদার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

এর আগের বিভিন্ন নির্ধারিত দিনে করা আবেদনে বলা হয়, আসামি খালেদা জিয়া একজন সংসদ সদস্য। সংসদ অধিবেশন চলার কারণে তিনি আদালতে আসতে পারেননি।

মামলায় মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষেও সময়ের আবেদন করা হয়।

দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মোশাররাফ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিয়া অরফানেজের মামলায়  অভিযোগ গঠনের জন্য ২৫ বারের বেশি এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ১২ বারের বেশি সময় নিলেন আসামিপক্ষ।

রোববার সময়ের আবেদনের  বিরোধিতা করে আদালতকে তিনি বলেন, “নিজেদের ডাকা অবরোধে নিজেরাই ভয় পাচ্ছেন। নিরাপত্তার কারণ দেখাচ্ছেন।তার অর্থ আসামিরা জনগণের নিরাপত্তার বিঘ্ন ঘটাচ্ছেন।

“আসামি বারবার সময় আবেদন করে মামলার বিচারকে বিলম্বিত করছেন। বিচারকে বিলম্বিত করতে আসামি প্রত্যেক ধার্য তারিখে বিভিন্ন অজুহাত দেখান।”

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ চার আসামির বিরুদ্ধে দেয়া দুদকের অভিযোগপত্র গত ১৫ জানুয়ারি আমলে নেয় আদালত। ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাত করার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১০ সালের ৫ আগস্ট বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।