ফার্মগেইটে বাসে আগুন
বিরোধী দলের তৃতীয় দফা অবরোধের মধ্যে রাজধানীর ফার্মগেইটে একটি বাসে আগুন দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশের তেঁজগাও বিভাগের উপ-কমিশনার বিপ্লব সরকার জানান।
তিনি বলেন, “দুর্বৃত্তরা যাত্রী বেশে বাসে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”
আগুনে বসের কয়েকটি আসন পুড়ে গেছে। তবে এতে কারো হতাহতের খবর জানা যায়নি।
এদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এক প্রত্যক্ষদর্শীর জানান, হঠাৎ কয়েকজন লোক এলাকায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ৬/৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এছাড়া অবরোধ চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
