২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে গাজীপুরের পোল্ট্রি খামারিরা বিপাকে

হরতাল-অবরোধের কারণে প্রয়োজন মতো খাবার ও ওষুধ দিতে না পারায় গাজীপুরের পোল্ট্রি খামারগুলোতে ডিমের উৎপাদন কমে গেছে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 09:24 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

এছাড়া ঢাকার বাইরে ডিম সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় ডিমের দামও কম পাচ্ছেন খামারিরা।

শ্রীপুর উপজেলার রাজাবাড়ী বাজারের পোল্ট্রি খাদ্য ব্যাবসায়ী আবুল হোসেন বলেন, রাস্তাঘাটে ভাংচুর-আগুনের ভয়ে পরিবহন মালিক বা শ্রমিকেরা খাদ্য পরিবহনেও রাজি হচ্ছেন না।

গত পাঁচদিন ধরে ইঞ্জিনচালিত থ্রি হুইলার টমটম দিয়ে অপ্রতুল খাবার সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, “আমার মতো আরও ৯জন খাদ্য ব্যবসায়ী রয়েছেন রাজাবাড়ী বাজারে। সবার অবস্থা একইরকম।”

শ্রীপুরের মাধবপুর গ্রামের পোল্ট্রি খামারি ইসমত আরা বলেন, খামারের ১৫শ মুরগির জন্য প্রতিদিন গড়ে ৬ হাজার টাকার খাবার দিয়ে ১৩শ ডিম পেতেন।

হরতাল-অবরোধের কারণে চাহিদা অনুযায়ী খাদ্য সরবরাহ করতে না পারায় প্রতিদিন এক থেকে দেড়শ ডিম কম পাচ্ছেন বলে জানান ইসমত।

উপজেলার চিনাশুখানিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ডিমের দোকান রয়েছে রাজাবাড়ি বাজারে।

গিয়াস জানান, গাড়িগুলো ঢাকার আড়তে রাতের বেলা ডিম আনলোড করে আবার রাতেই ফিরে আসে।

আগের মতো ডিম নিয়ে গাড়িগুলো এখন আর চট্টগ্রাম, সিলেট বা দেশের দূরদূরান্তে যেতে পারে না। ফলে ডিমের দাম এখন কম বলেও জানান তিনি।

পোল্ট্রি খামারি ইসমত জানান, আড়তদাররা আগে যেদিন ডিম নিয়ে যেতেন, তার পরদিন দাম হাতে পেতাম।

“হরতাল আর অবরোধের কারণে যথাসময়ে টাকা হাতে না পাওয়ায় তারাও দিতে পারছেন না বলে জানাচ্ছেন আড়তদারেরা।”

ফলে হাতেও এখন আর প্রয়োজনীয় টাকা নেই বলে জানান এই খামারি।

বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার আবুল মহসীন বলেন, পোল্ট্রি জোন হিসেবে খ্যাত গাজীপুর জেলায় ১১ হাজার পোল্ট্রি খামারি আছেন। বর্তমানে ৬ হাজার ৭১৩টি মুরগির খামার চালু রয়েছে।

খামারি পর্যায়ে ব্রয়লার মুরগির উৎপাদন মূল্য প্রতিকেজি ১২৫টাকা পড়লেও পরিবহন সংকটের কারণে তা আড়ৎদারদের কাছে ৮৫-৯০ টাকায় বিক্রি করতে হচ্ছে। 

প্রতি একশ ডিমের উৎপাদন মূল্য ৭শ টাকা হলেও আড়ৎদারদের কাছে বিক্রি করতে হচ্ছে ৫৮০-৬২০ টাকায়।

এই নেতিবাচক প্রভাবের কারণে পোল্ট্রি শিল্প হুমকির মধ্যে আছে।

এ অবস্থা চলতে থাকলে এ শিল্পে ধ্বস নামবে বলে আশঙ্কা করছেন মহসীন।