অবরোধে ভালো নেই শ্রমজীবীরা
চলমান অবরোধে প্রতিদিন মাথাপিছু অন্তত ‘তিনশ টাকার’ ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে শ্রমজীবী সাধারণ মানুষকে। এদের বেশিরভাগই নিম্নআয়ের, যাদের কেউ রিকশা চালান, কেউ রাস্তায় খাবার এবং চা-পানি বিক্রি করে সংসার চালান।
শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মহাখালী এলাকার রিকশাচালক মোহাম্মদ আলী বলেন, “ভাই অবরোধ চললে আমাগো সংসার আর চলবো না।”
করাইল বস্তিতে থাকা এই রিকশা চালক বলেন, মাসে ২ হাজার টাকা ঘরভাড়া, ৩ হাজার টাকার খাবার খরচ, নিজে পথে খরচ বাবদ মাসে ১৫শ আর রিকশা ভাড়া বাবদ ৩ হাজার টাকা খরচ হয়।
“অবরোধ না থাকলে প্রতিদিন অন্তত ৫শ টাকা আয় হয়, যাতে কষ্ট করে হলেও জীবন চলে। কিন্তু অবরোধে যাত্রী না থাকায় আয় একেবারেই হয় না জানিয়ে তিনি বলেন,“ভাই আমরা অবরোধ চাই না।”
গুলশানের শাহজাদপুর এলাকার রিকশা চালক মো. বাবুল মিয়া বলেন, অবরোধ না থাকলে প্রতিদিন ৫শ থেকে ৬শ টাকা আয় হয়। তাতে সংসারের চার জনের খরচ চালাই, তবে অবরোধ হলেই কীভাবে সংসার চলবে তা ভাবতেও পারি না।
অবরোধে যারা রিকশা চালায় তাদের প্রতিদিন অন্তত ৩শ টাকার ক্ষতি হয় বলেও দাবি করেন তিনি।
জাতীয় প্রেসক্লাব এলাকায় প্রতিদিন রাস্তার পাশে দুপুরের খাবার বিক্রী করেন মো. আলমগীর। তিনি বলেন, “আমার এখানে সচিবালয় ও তার আশে পাশে যারা সাধারণ কাজ কর্ম করে তারাই মূলত দুপুরে থেতে আসে, যাদের বেশির ভাগই গাড়িচালক।”
“অবরোধে গাড়ি কম থাকায় আমার দোকানে কেনাবেচাও কম। প্রতিদিন ৩-৪ ডেকচি খাবার থাকলেও অবরোধে দিন এক ডেকচি খাবারও শেষ হয় না।”
তিনি অভিযোগ করেন, “অবরোধে শ্রমজীবী মানুষরা ভালো নাই।”
গরীব মানুষদের বাঁচাতে অবরোধ কর্মসূচি না দিতে তিনি রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করেন তিনি।
মহাখালীর তিতুমীর কলেজ এলাকার চা বিক্রেতা মো. শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধে সাধারণ মানুষের ব্যবসার বাণিজ্যের অবস্থা খুবই খারাপ।
