২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাজাহান খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের নতুন সংগঠন

নৌপরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতানায় বিশ্বাসী সমমনাদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শনিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ’ নামের ওই সংগঠনের কথা জানান মন্ত্রী।

নৌ-মন্ত্রীকে আহ্বায়ক এবং মুক্তিযোদ্ধা আবদুল খালেক মিয়াকে সদস্য সচিব করে ওই সংগঠনে মোট ৫৫ জন সদস্য রাখা হয়েছে।

লিখিত বক্তব্যে মন্ত্রী বলেন, গত ৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে মুক্তিযোদ্ধাদের এক সভায় এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়।

যুদ্ধাপরাধীদের বিচারের রায় ব্যাহত করতে বিএনপি ও জামায়াতের ষড়যন্ত্র প্রতিরোধে আগামী ১০ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের প্রথম সমাবেশ হবে বলেও জানান মন্ত্রী।

শাজাহান খান বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় যাতে কার্যকর হতে না পারে সেজন্য রাজনৈতিক আন্দোলনের নামে বিএনপি-জামায়াত চক্র দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। রপ্তানিমুখি শিল্পসহ অন্যান্য শিল্প-কারখানায় ভাড়াটিয়া লোক দিয়ে নাশকতা চালাচ্ছে।

জাতির এই ক্রান্তিলগ্নে সব ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করতে নতুন এই সংগঠন কাজ করবে বলেও জানান তিনি।

অবিলম্বে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে নতুন এই সংগঠনের শাখা কমিটি গঠন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।