রাজনীতিবিদ হতে চায় না শিশুরা: জরিপ
রাজনীতিতে সহিংসতা ও দুর্নীতির ব্যাপকতা দেখে দেশের খুব কম শিশুই রাজনীতিবিদ হতে চায় বলে জাতিসংঘের নারী ও শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফের এক জরিপ প্রতিবেদনে বলা হয়েছে।
জনসংখ্যার এক-তৃতীয়াংশ এই শিশুদের বেশিরভাগই মনে করে, ভোটার না হওয়ায় রাজনীতিবিদরা তাদের অধিকারকে পাত্তা দেন না।
‘শিশু মতামত জরিপ ২০১৩: রাজনৈতিক ব্যক্তি ও নেতাদের কাছ থেকে শিশুদের প্রত্যাশা ও দৃষ্টিভঙ্গি’ শিরোনামে শহর ও গ্রামাঞ্চলে এই জরিপ চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ৭৪ শতাংশ শহুরে শিশু ও ৬৫ শতাংশ গ্রামের শিশু রাজনীতিবিদ হতে চায় না বলে জরিপে মত এসেছে।
কারণ হিসেবে ‘দুর্নীতি ও সহিংসতার সঙ্গে রাজনীতিবিদদের সংশ্লিষ্টতাকে’ দায়ী করেছে শিশুরা।
শহুরে মেয়ে শিশুদের চেয়ে গ্রামের মেয়ে শিশুরা রাজনীতির প্রতি বেশি আগ্রহী বলে উঠে এসেছে জরিপে।
ফাইল ছবি
জরিপে বলা হয়, চলমান রাজনৈতিক অচলাবস্থায় ‘নিরাপত্তাহীনতা’র কারণে শিশুদের ঘরে থাকতে হচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠানে যেতে না পারায় পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে ৭১ শতাংশ শিশু অভিযোগ করেছে।
প্রতি পাঁচ শিশুর তিনজনই মনে করে, বয়স ১৮ বছরের কম হওয়ায় রাজনীতিবিদরা তাদের মতামত, পরামর্শ ও অধিকারের বিষয়ে ‘গুরুত্ব’ কম দেন।
জরিপ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ৯০ শতাংশ শিশুই অধিকার সচেতন।
চলতি বছরের জুলাই থেকে অগাস্ট পর্যন্ত সময়ে দ্বৈবচয়ন পদ্ধতিতে গ্রাম ও শহর থেকে চার হাজার ২০০ শিশুর বাছাই করে তাদের মতামতের ভিত্তিতে এই জরিপ চালানো হয়। এছাড়া ৩৩৩ শিশু ওই সময়েই অনলাইনের মাধ্যমে জরিপে অংশ নেয়।
ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ বলেন, “দেশের জনসংখ্যার ৪০ শতাংশের বেশি হওয়ার পরও অধিকাংশ সময়ই শিশুদের কথা শোনা হয় না কিংবা তাদের অবহেলা করা হয়।”
তিনি জানান, শিশুদের কথাগুলো সামনে আনতে এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতিহারে শিশুদের বিষয়ে প্রতিশ্রুতিগুলো অন্তর্ভুক্ত করার জন্য জোর দিতেই নির্বাচনের আগে এই জরিপ করা হয়েছে।
শিশুবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নে জরিপটি সহযোগিতা করবে বলে মত দিয়েছেন প্যাসকেল।
এই জরিপে খাদ্য অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কাজ ও মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রেও বৈষম্যের কথা জানিয়েছে শিশুরা।
ফাইল ছবি
প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের মধ্যেই ভাই কিংবা বোন, মা-বাবা কিংবা স্বামী-স্ত্রীর মধ্যে এই বৈষম্যগুলোর চর্চা হয়।
জরিপে একটি বড় অংশের শিশুরা বলেছে, তারা ‘যথাযথ’ চিকিৎসা পাচ্ছে না। ৮৪ শতাংশ শিশু কারণ হিসাবে তাদের পারিবারিক সামর্থ্যহীনতার কথা বলেছে।
শিশুদের প্রত্যাশা, রাজনৈতিক নেতারা সব শিশুর জন্য বিনা পয়সায় চিকিৎসা ও উন্নত শিক্ষা নিশ্চিত করতে কাজ করবে।
এছাড়া শাস্তি হিসাবে ‘শারীরিক নির্যাতন’ বন্ধ করার বিষয়ে নিজেদের অবস্থানের কথাও জানিয়েছে শিশুরা। ৮১ ভাগ শিশু নির্যাতনের জন্য শিক্ষকদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
বেশিরভাগ শিশুই মনে করে তারা বড়দের চেয়ে বঞ্চিত।
শিশু অধিকার রক্ষায় জাতিসংঘের কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলোর একটি বাংলাদেশ, যার অনেকগুলো ধারাতে সিদ্ধান্ত নেয়ার সময় শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেছে।
