চট্টগ্রামে ট্রাক চাপায় ২ জন নিহত
বন্দর নগরী চট্টগ্রামে পৃথক দুইটি দুর্ঘটনায় ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে নগরীর কোতোয়ালি থানার খাতুনগঞ্জ এবং বায়েজিদ থানার বটতল এলাকায় হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মো. কাশেম (৫০) ও আফসারুল আলম (৫০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোতোয়ালি থানার খাতুনগঞ্জের আমিন মার্কেটের সামনে ট্রাকের ধাক্কায় আহত হন কাশেম।
গুরুতর আহত অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তাকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বায়েজিদ থানার বটতল এলাকায় ট্রাক চাপায় মারা যান আফসারুল।
কনস্টেবল সালাউদ্দিন জানান, মোটর সাইকেলের পেছনে করে বটতল থেকে শহরে আসার সময় ঝাঁকুনিতে পড়ে যান আফসারুল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়।
পরে সকাল পৌনে ৯টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
