৩ দিন শোক পালন করবে বাংলাদেশ
বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রবাদপুরুষ ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
শুক্রবার সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়, ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু’ নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে শনিবার থেকে সোমবার তিন দিন রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হবে।
তথ্য অধিদপ্তরের উপ প্রধান তথ্য কর্মকতা ও মন্ত্রিপষিদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা এ এস এম আমিনুল ইসলাম জানান, এই তিন দিন সব সরকারি-বেসরকারি কার্যালয় ও বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। তবে দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
দীর্ঘদিন ফুসফুসের সংক্রমণে ভুগে বৃহস্পতিবার জোহানেসবার্গে নিজের বাড়িতে মারা যান দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেতা ম্যান্ডেলা।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াসহ বিশ্ব নেতৃবিন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
প্রতিবেশী দেশ ভারতও ম্যান্ডেলার মৃত্যুতে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী উদযাপনে ১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশে এসেছিলেন নেলসন ম্যান্ডেলা।
ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত ও তুরস্কের রাষ্ট্রপ্রধান সুলেমান ডেমিরেলও ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
