অবরোধে রংপুরে সার ও জ্বালানি সঙ্কট
বোরো ও আলু আবাদ শুরুর মৌসুমে রংপুরে চাণাবাদ নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা।
জ্বালানি তেলের তীব্র সঙ্কটে বিঘ্নিত হচ্ছে জমিতে সেচ কাজ এবং নন-ইউরিয়া সারের অভাবে আলু বীজ রোপন ব্যাহত হচ্ছে।
পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের নব্দীগঞ্জ গ্রামের কৃষক আলতাফ হোসেন বলেন, “তিনদিন ঘুরিয়াও ডিজেল সংগ্রহ করব্যার পারি নাই। সেচ দিব্যার না পারিয়া জমিত বোরো চারা রোপন করব্যার পারি নাই।”
ওই গ্রামের আলু চাষী খয়বর হোসেন বলেন, “এমওপি, টিএসপি ও ডিএপি সার না পাওয়ায় আলু বীজ রোপন করব্যার পারতুচি না।”
এতে বোরো ও আলু আবাদ সঙ্কট তৈরি হয়েছে।
জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা সোহরাব চৌধুরী জানান, জেলার ৪০টি পেট্রোল পাম্পে ডিজেল নেই। পেট্রোলের মজুদও প্রায় ফুরিযে এসেছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি জেলা সার ও জ্বালানি তেল মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসককে অবহিত করে দ্রুত পরিস্থিতি উত্তরণে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।”
সার ও জ্বালানি সঙ্কটের কথা স্বীকার করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ।
তিনি বলেন, “তেল সঙ্কট উত্তরণে বৃহস্পতিবার দুপুরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব ও বিজিবি পাহারায় ডিজেল আনার জন্য রংপুর থেকে ১৪টি ট্যাংক লরি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পাঠানো হয়েছে।”
পাঁচ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার বাফার গুদামে বৃহস্পতিবার ইউরিয়া সার ছিল এক হাজার ৫০০ মেট্রিক টন বলে জানান রংপুর বাফার স্টকের (আপদকালীন মজুদ) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।
অন্যান্য সারের মজুদের তথ্য দেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রংপুর আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক আসাদুর রহমান।
তিনি জানান, চারটি গুদামে ছয় হাজার ২০০ মেট্রিক টন নন ইউরিয়া এমওপি (মিউরেট অব পটাশ), টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ও ডিএপি(ডায় অ্যামোনিয়া ফসফেট) সার মজুদ রয়েছে।
“তবে অবরোধের কারণে তা ডিলারদের সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে সঙ্কটের সৃষ্টি হয়েছে,” বলেন তিনি।
রংপুর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওলা বলেন, “গুদামে নন-ইউরিয়া সার মজুদ থাকলেও বিরোধী দলের অবরোধের কারণে তা বের করা যাচ্ছে না।”
অবরোধ অব্যাহত থাকলে জ্বালানি তেলের মতো একই পদ্ধতিতে সারও আনা হবে বলে জানিয়েছে প্রশাসন।
