২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্র-শনিবার হাই কোর্ট চালানোর আবেদন

বিরোধী দলের অবরোধে কার্যত অচল দেশে ছুটির দিনে হাই কোর্টের কার্যক্রম চালু রাখতে প্রধান বিচারপতির কাছে আবেদন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 04:30 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

শুক্র ও শনিবার হাই কোর্টের বেঞ্চ বসাতে বৃহস্পতিবার এই আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ। তিনি এবার আদালতের শীতকালীন ছুটি বাতিলের আবেদনও করেছেন।

এই আইনজীবী সম্প্রতি তার তিনটি রিট আবেদনের শুনানি বিচারপতির বাড়িতে করতেও প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলেন।

বিরোধী জোটের টানা অবরোধের মধ্যে বিভিন্ন পাবলিক পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি বদলে শুক্র ও শনিবার নেয়া হচ্ছে। খোলা রাখা হচ্ছে ব্যাংকও।

হরতাল-অবরোধের সময় হাই কোর্টের অধিকাংশ বেঞ্চের বিচারকরা সাধারণত এজলাস বসেন না। তবে এর মধ্যেই কোনো কোনো বিচারকরা বিচার কাজ করে থাকেন।

আবেদনে যুক্তি দেখানো হয়, ২০১৩ সালের সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার অনুসারে মোট ১৮৮ দিন ছুটি রয়েছে। এ ছাড়াও আরো ৬০ দিন হরতাল-অবরোধে কোর্ট বসতে পারেনি।

ইউনুস আলী সুপ্রিম কোর্টের ৬৬ দিন অতিরিক্ত ছুটির মধ্যে অন্তত ৪৫ দিন কমানোর আবেদনও করেছেন। সুপ্রিম কোর্টের অভিজ্ঞ আইনজীবীদের মধ্য থেকে ১০০ বিচারক নিয়োগের প্রার্থনাও করা হয় ওই আবেদনে।

গত অগাস্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মো. শাহিনুর ইসলাম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাশিফা হোসেন হাই কোর্টে নিয়োগ দানের পর বিচারকের সংখ্যা দাঁড়ায় ৯২।

সংবিধানের ১০০ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির অনুমতিক্রমে ঢাকার বাইরে বিচার করতে অস্থায়ী বেঞ্চ গঠন করার আবেদনও জানিয়েছেন ইউনুস আলী।

এরশাদের আমলে সংবিধান সংশোধন করে ঢাকার বাইরে হাই কোর্টের স্থায়ী আসন করা হয়। এর বিরুদ্ধে আন্দোলনে নামে আইনজীবীরা, পরে সুপ্রিম কোর্ট ওই সংশোধনী অবৈধ ঘোষণা করে।

বর্তমানে অস্থায়ী বেঞ্চ গঠনের বিধান সংবিধানে রয়েছে। তবে বর্তমান সরকারের আমলে সরকার চট্টগ্রামে এ ধরনের বেঞ্চ গঠনের প্রস্তাব সুপ্রিম কোর্টে পাঠালেও তা নাকচ করে দেয়া হয়।

সুপ্রিম কোর্টের সব বিচারকদের বিবেচনাপ্রসূত বেতন কাঠামো এবং শতভাগ ঝুঁকিভাতা দেয়ার আবেদনও করেছেন এই আইনজীবী। সেইসঙ্গে শতভাগ আবাসন সুবিধা অথবা শতভাগ বাড়ি ভাড়া দেয়ার আবেদনও করেছেন তিনি।

আবেদনের যুক্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা হরতাল অবরোধের সময়ে বিচার কাজ করেন এবং তারা ঝুঁকি ভাতা ও পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা পান। কিন্তু সরকার সুপ্রিম কোর্টের সব বিচারককে একই ধরনের সুবিধা দেন না, যা বৈষম্যমূলক। কারণ তারা একই মর্যাদার।