২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হাতবোমা উদ্ধার, আটক ১৭

বিরোধী জোটের দ্বিতীয় দফা অবরোধের শেষ দিনে গাজীপুরের টঙ্গী থেকে চারটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 03:22 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

নাশকতার পরিকল্পনার অভিযোগে টঙ্গী, কালীগঞ্জ, কালিয়াকৈর ও জয়দেবপুর থেকে বিএনপি-যুবদল নেতাসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ।  

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে টঙ্গীর নিমতলী এলাকায় রেললাইনের পাশে পরিত্যক্ত অবস্থায় চারটি হাতবোমা পাওয়া যায়। এর আগে সেখানে অবরোধকারীরা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ আসার খবর পেয়ে তারা পালিয়ে যায়।   

তিনি বলেন, বুধবার রাতে টঙ্গী থেকে বিএনপি-জামায়াত সমর্থক পাঁচ কর্মীকে আটক করা হয়েছে।   

রাতেই কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন সিকদারসহ চার জনকে আটক করা হয় বলে জানান কালীগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম ভুঁইয়া। 

কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিনসহ এক কর্মীকে আটক করা হয়েছে।  

আর জয়দেপুর থেকে ছয় জনকে আটক করা হয়েছে বলে জানান জয়দেবপুর থানার এএসআই মো. আবু জাফর।