লালমনিরহাট-শান্তাহার রুটে ট্রেন চলাচল শুরু
অবরোধকারীরা ফিসপ্লেট খুলে ফেলায় গাইবান্ধায় ট্রেন লাইনচ্যুত হয়ে চারজন নিহত হওয়ার ৩০ ঘণ্টা পর লালমনিরহাটের সঙ্গে বগুড়ার শান্তাহারের ট্রেন চলাচল শুরু হয়েছে।
বোনারপাড়া রেল স্টেশনের হেড স্টেশন মাস্টার আইয়ুব হোসেন মোল্লা জানান, বোনারপাড়া ও লালমনিরহাট থেকে দু’টি উদ্ধারকারী লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো উদ্ধার এবং লাইন সংস্কার কাজ শেষ করার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
এদিকে এ ঘটনায় বুধবার ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।
মঙ্গলবার গভীর রাতে গাইবান্ধার বোনারপাড়া ও মহিমাগঞ্জ রেল স্টেশনের মাঝামাঝি ভুরঙ্গী এলাকায় রেল লাইনের ফিসপ্লেট ও ক্লিপ খুলে ফেলায় পদ্মরাগ এক্সপ্রেসের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে চারজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হন।
