তফসিলকে স্বাগত, সংলাপের তাগিদ যুক্তরাষ্ট্রের
জানুয়ারির ৫ তারিখ ভোটের দিন রেখে দশম জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ফাইল ছবি
তবে সহিংসতা বন্ধে প্রধান দুই রাজনৈতিক দলকে সংলাপের গুরুত্ব আবারো মনে করিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।
মঙ্গলবার ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, “৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানালেও আমরা মনে করি, প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য সংলাপ জরুরি হয়ে পড়েছে।”
গত ২১ অক্টোবর শপথ নেয়ার পর এদিনই প্রথমবারের মতো পররাষ্ট্র দপ্তরের প্রেস সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হন নিশা বিসওয়াল।
নির্বাচনকালীন সরকার নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই গত মাসে নিশা ঢাকা ঘুরে যান।
তার ওই সফরের পর বাংলাদেশে শপথ নেন নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ মন্ত্রিসভার নতুন সদস্যরা, যাতে আমন্ত্রণ পেয়েও বিএনপি অংশ নেয়নি।
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচনের পক্ষে অবস্থান জানিয়ে বিসওয়াল বলেন, “এ বার্তাটির ওপরই আমরা গুরুত্ব দিচ্ছি। আর এর বাস্তবায়নের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতে হবে।”
বাংলাদেশের সংকটের সমাধান আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আসবে না মন্তব্য করে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশের জনগণ, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলো থেকেই সমাধান আসতে হবে। নির্বাচন নিয়ে সমঝোতার জন্য দরকার সংলাপ, যাতে বাংলাদেশের জনগণের মধ্যে আস্থা তৈরি হবে এবং তা গ্রহণযোগ্য হবে।
“প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে আমরা এ বার্তাটিই জানাচ্ছি।”
বিসওয়াল বলেন, সাম্প্রতিক সফরে বাংলাদেশের ‘ব্যাপক অগ্রগতি ও অফুরন্ত সম্ভাবনা’ দেখেছেন তিনি।
তবে ‘অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য’ উপায়ে ক্ষমতা হস্তান্তর না হলে এ সম্ভাবনাকে কাজে লাগানো যাবে কি-না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
নিশা বিসওয়াল বলেন, “আমরা দেখতে চাই, বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। নির্বাচনে কে জয়ী হলো, তা নিয়ে যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বন্ধুদের কোনো মাথাব্যথা নেই।”
যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী বলেন, ঢাকা সফরে সব পক্ষের প্রতি ‘সহিংতা থেকে বিরত’ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
“গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা মনে করি, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ এবং সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য সব পক্ষের মতৈক্য হওয়া খুবই গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু সরকারি পর্যায়ে নয়।
“এ সম্পর্ক জনগণের সঙ্গে জনগণের, নাগরিকের সঙ্গে নাগরিকের এবং বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক।”
