২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে অব্যাহত সহিংসতা, কয়েক জেলায় হরতাল

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের চতুর্থ দিনে দেশের নানা স্থানে সহিংসতা হয়েছে। বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাংচুর ও সংঘর্ষ হয়েছে বিভিন্ন জেলায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2013, 05:56 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

এছাড়া সংঘর্ষে কর্মী নিহত হওয়া এবং নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে চাঁদপুর, মাগুরা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও ফরিদপুরে বুধবার হরতাল ডেকেছে বিএনপি, জামায়াত ও ১৮ দলীয় জোট।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এরমধ্যেই গত ২৫ নভেম্বর নির্বাচনেরর তফসিল ঘোষণা করার পর অবরোধের ডাক দেয় জোট। এরপর শনিবার থেকে শুরু হয় দ্বিতীয় দফার অবরোধ।

অবরোধে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ট্রেন লাইনন উৎপাটন, বোমা বিস্ফোরণ, গাড়ি-বাড়িঘরে অগ্নিসংযোগসহ ব্যাপক নাশকতা হয়েছে।

বরিশাল

নগরীতে হাতবোমা বিস্ফোরণ, সড়ক অবরোধ, অটোরিকশায় গ্নিসংযোগ এবং অবরোধকারী ও পুলিশের সংঘর্ষ হয়েছে।

জেলার বিভিন্ন স্থান ও নগরী থেকে পুলিশ ১৮ দলীয় জোটের ১৬ নেতাকর্মীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার দিকে টিয়াখালী নমসুদ্রপাড়া এলাকায় গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে ছাত্রদল। এ সময় তারা ৪টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

সকাল পৌনে ৭টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গাছের গুড়ি ফেলে তাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে ছাত্রদল। তারা ৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

পরে পুলিশের এবং ফাকা গুলি বর্ষণে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

কতর্ব্যরত পুলিশের এসআই মো. সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সকাল সাড়ে ৭টার দিকে নবগ্রাম রোড ফরেস্টার বাড়ি পুলের সামনে একটি অটোরিকশায় অগ্নিসংযোগ করে অবরোধকারীরা।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন।

বরিশালের পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, যানবাহনে ভাংচুরের সময় ১০ উপজেলা থেকে ৮ নেতাকর্মী আটক করা হয়েছে।

নাটোর

সকালে জেলা শহরের চকরামপুরের গীতি সিনেমা হলের সামনে দুইটি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

সদর থানার ওসি আসলাম উদ্দিন জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ সকাল ৭টার দিকে সিনেমা হলের সামনে যায়। বোমা দুটি উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করা হয়েছে।

নরসিংদী

দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের নরসিংদীর চিনিশপুরে টায়ারে অগ্নিসংযোগ করে অবরোধ করেছে ১৮ দলীয় জোটের সমর্থকরা।

মানিকগঞ্জ

সদর উপজেলার ভাটবাউর এলাকায় গাছ কেটে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেছে জোটের সমর্থকরা।

এ সময় তারা পেট্রোল বোমা মেরে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

গোলড়া হাইওয়ে থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, ঢাকা থেকে একটি খালি ট্রাক পাটুরিয়া ফেরিঘাটে যাচ্ছিল। ভোর ৫টার দিকে মহাসড়কের ভাটবাউর এলাকায় গাছের গুঁড়ি থাকায় থামাতে হয়।

এ সময় ১০/১৫ জন অবরোধকারী অস্ত্রের ভয় দেখিয়ে চালককে নামিয়ে দিয়ে পেট্রোল বোমা মেরে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর

দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের কানাইপুরে চিনিকলের আখ ক্রয় কেন্দ্রের সামনের সড়কে গাছের গুঁড়ি ও পুরনো টায়ারে পেট্রোল ঢেলে আগুন দিয়ে অবরোধ করেছে যুবদল।

ফরিদপুর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইস্রাফিল হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে আগুন নিভিয়েছে।কোনো যানবাহনের ক্ষতি হয়নি।

ভোলা

সোমবার পুলিশ ও বিএনপিকর্মীদের সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনায় ৩টি মামলা হয়েছে।

পুলিশ বাদী হয়ে পুলিশের উপর হামলা ও বিস্ফোরক আইনে দুটি এবং আব্দুল লতিফ নামের এক ব্যক্তি বাদী হয়ে জনগণের উপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়।

মঙ্গলবার ভোলা থানায় করা এ তিন মামলায় আট শতাধিক বিএনপি, বিজেপি ও জামায়াতকর্মীকে আসামি করা হয়েছে।

ভোলা মডেল থানার ওসি সুলতান মাহমুদ এ তিন মামলার সত্যতা নিশ্চিত করেন।

চাঁদপুরে বুধবার হরতাল

পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহতের প্রতিবাদে বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।

মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে এক সাংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জোট নেতৃবৃন্দ।

সকালে ১৮ দলীয় জোটের মিছিল পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে গুলিতে তাজুল ইসলাম পাটওয়ারী ও সিয়াম মাস্তান নামের দুই জোটকর্মী নিহত হন।

মাগুরায় বুধবার হরতাল

ছাত্রদল নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় হরতাল ডেকেছে ছাত্রদলের একাংশ।

জেলা নির্বাচন অফিসে বোমা হামলা, ভাংচুর, ও পুলিশের উপর হামলাসহ অবরোধ চলাকালে সহিংসতার ঘটনায় মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনসহ ৫ ছাত্রদল- যুবদল নেতাকর্মীকে আটক করা হয়।

জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।

কক্সবাজার

দুপুর ২টার দিকে জেলা শহরের টেকপাড়াস্থ কালু দোকান এলাকায় জামায়াতের মিছিল থেকে দফায় দফায় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এ সময় পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে তাদের ছত্রভঙ্গ করে।

কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, ফজল মাকের্ট এলাকা থেকে জামায়াত-শিবিরের একটি মিছিল কালু দোকান এলাকায় গিয়ে সমাবেশ করে।

এরপর তারা পুলিশকে লক্ষ্য করে ৪/৫টি হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় ফাঁকা গুলি ও রবার বুলেট ছুড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।

নারায়ণগঞ্জ

দুপুরে একটি যাত্রীবাহী বাসহ দুটি গাড়িতে আগুন দিয়েছে অবরোধকারীরা। ভাংচুর করে বেশ কয়েকটি যানবাহন। এতে আহত হয় অন্তত ৫ জন।

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, বেলা ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে ফতুল্লায় বোরাক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা।

বাসটির সিটসহ ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। পরে এলাকার লোকজন ও দমকলকর্মীরা আগুন নেভায়। আগুন দেয়া গাড়ি থেকে নামতে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছে।

অবরোধকারীরা একটি কাভার্ডভ্যান ভাংচুরও করে। বাধা দিলে তারা আরিফ চৌধুরী নামের এক ব্যক্তি মাথা ফাটিয়ে দেয়।

এদিকে ফতুল্লা মডেল থানা সংলগ্ন এলাকার ১০/১৫ গজের মধ্যে গাড়িতে আগুন দেয়ার ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সকাল ৮টায় শহরের কিল্লারপুল এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা লাঠিসোটা নিয়ে ঝটিকা মিছিল থেকে দুরন্ত পরিবহনের একটি হিউম্যান হলারে আগুন দেয়ার চেষ্টা করে।

পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সিরাজগঞ্জে বুধবার হরতাল

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ভোটার তালিকা থেকে নাম দেয়া ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সিরাজগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলের জেলা সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকুর বরাদ দিয়ে প্রচার সম্পাদক হারুন-অর রশিদ খান হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

টাঙ্গাইল

বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম পিন্টু এবং কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সহসম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর মুক্তির দাবিতে মঙ্গলবার গোপালপুরে উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে দলটি।

হরতালের সমর্থনে সকালে শহরে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠন। পরে নেতাকর্মীরা গোপালপুর-মধুপুর সড়কের আভুঙ্গি এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে।

পরে পুলিশ ও বিজিবি সদস্যরা এসে গাছের গুড়ি, আগুন সরিয়ে দেয়।

গোপালপুর থানার ওসি জসিম উদ্দিন সরকার জানান, ভোরে সুতি কালিবাড়ী এলাকায় একটি বাড়ি ভাংচুর করে হরতাল সমর্থকরা। তবে এ ব্যাপারে কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।

গোপালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানজিলা ইসলাম জানান, হরতালে নাশকতা এড়াতে ৪০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বুধবার হরতাল

কানসাটে নিহত যুবক ছাত্রদল কর্মী দাবি করে বুধবার জেলায় হরতাল ডেকেছে বিএনপি। 

মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা বিএনপি অফিসে সংবাদ সম্মেলন করে সকাল-সন্ধ্যা হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপি সভাপতি শাহজাহান মিয়া। 

সোমবার দুপুরে কানসাট আন্দোলনের নেতা এবং আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া গোলাম রব্বানীর পুকুরিয়ার বাড়িতে হামলা ও আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় হাতবোমার স্প্লিন্টারে নিহত হন ওই গ্রামের রুবেল (২৫)।

কুমিল্লার ৯ উপজেলায় বুধবার হরতাল

লাকসাম উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম হিরু ও লাকসাম পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজের সন্ধান দাবিতে মঙ্গলবার জেলার লাকসাম,  মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলায় হরতাল ডাকে বিএনপি।

এদিকে একই দাবিসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার দক্ষিণ জেলার ৯ উপজেলায় হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।

মঙ্গলবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে এই ঘোষণা দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

জেলা বিএনপি সহ-সভাপতি এম আনোয়ারুল আজিম জানান, গত ২৭ নভেম্বর রাতে সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবির পারভেজ ও বিএনপি নেতা জসিমকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আলীশ্বর থেকে র‌্যাব ধরে নিয়ে যায়। জসিমকে র‌্যাব ওই রাতেই লাকসাম থানায় সোপর্দ করলেও এখন পর্যন্ত ২ নেতার কোন হদিস মিলছে না।

সাতক্ষীরায় মঙ্গলবার ও বুধবার হরতাল

শহর জামায়াতের আমির ফখরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত।

এদিকে হরতাল চলাকালে সকালে দেবহাটা উপজেলার সখিপুরে পুলিশের গুলিতে নিহত দুজনকে নিজেদের কর্মী দাবি করে বুধবারও জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।

জেলা জামায়াতের সেক্রেটারি নূরুল হুদা বুধবারের হরতালের ঘোষণা দেন।

ফরিদপুরে বুধবার হরতাল

গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বুধবার ফরিদপুরের ৯টি উপজেলায় ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি।

মঙ্গলবার বিকারে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন দলের জেলা সভাপতি জহিরুল ইসলাম শাহজাদা মিয়া।

কিশোরগঞ্জে বুধবার হরতাল

ঘোষিত নির্বাচনী তপসিল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলায় হরতাল ডেকেছে বিএনপি।

মঙ্গলবার বিকালে জেলা শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সমানে এক সভায় এ ঘোষণা দেন সদর উপজেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম খান চুন্নু।

পরে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।