দুর্নীতির ধারণা সূচকে ‘তাৎপর্যহীন’ উন্নতি: টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) করা ‘দুর্নীতির ধারণা সূচকে’ বাংলাদেশের অবস্থান আট ধাপ এগোলেও এই পরিবর্তন ‘তাৎপর্যহীন’ বলে মনে করছে সংস্থাটি।
গত বছর বিশ্বের ১৭৬টি দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে যে সূচক করা হয়েছিল- তাতে ঊর্ধ্বক্রম অনুযায়ী (ভাল থেকে খারাপ) বাংলাদেশের অবস্থান ছিল ১৪৪ নম্বরে। আর এবার ১৭৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৬তম।
অবশ্য উল্টো দিক থেকে বিবেচনা করলে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬ নম্বরে। এই বিবেচনায় গতবছরের তুলনায় বাংলাদেশ তিন ধাপ উন্নতি করেছে।
বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মঙ্গলবার সারা বিশ্বে একযোগে এই প্রতিবেদন প্রকাশ করে।
সকালে রাজধানীর বনানীতে টিআইবির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই প্রতিবেদনের বাংলাদেশ অংশ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, ধারণা সূচকে এবার বাংলাদেশের স্কোর ২৭, যা গত বছরের তুলনায় এক পয়েন্ট বেশি এবং ২০১১ এর সমান।
টিআইবির চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, “গত বছরের তুলনায় বাংলাদেশের স্কোর এক পয়েন্ট বাড়লেও এটি মূলত তাৎপর্যহীন। উচ্চমাত্রার দুর্নীতি কমেনি, ক্ষমতার অপব্যবহার এখনো আছে।”
তিনি বলেন, বাগড়াম্বর থাকলেও ‘দৃশ্যমান, বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দেশের অগ্রগতিও হচ্ছে না।
“আমরা বলতে পারছি না যে দুর্নীতি কমেছে। দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের যথাযথ পদক্ষেপ ও আন্তরিকতা আছে- এমন কিছু জনগণের চোখে পড়েনি।”
এবারের সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে কম দুর্নীতির দেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড, ধারণা সূচকে তাদের স্কোর ৯১।
আর সবচেয়ে বেশি দুর্নীতির দেশ হিসাবে এসেছে আফগানিস্তান, উত্তর কোরিয়া ও সোমালিয়ার নাম্ ধারণা সূচকে তাদের স্কোর ৮। গত বছরও এ তিনটি দেশ সর্বশেষ অবস্থানে ছিল।
সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান।
এ বিষয়ে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন করার প্রয়াস, পদ্মা সেতু ও রেল কেলেঙ্কারি, শেয়ার মার্কেট, হলমার্ক, ডেসটিনি এবং রানা প্লাজার মতো ঘটনা এবং ক্ষমতাশালীদের লাগামহীন ভূমি,নদী ও জলাশয় দখল, ঋণ খেলাপ এবং টেন্ডারবাণিজ্য প্রতিবন্ধকতা হিসেবে কাজ করেছে।”
এজন্য দুর্নীতি নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক ও নীতি কাঠামোগত ভিত্তি শক্তিশালী করার ওপর জোর দেয়া হয়েছে সংস্থাটির প্রতিবেদনে।
ইফতেখার জানান, সারা বিশ্বে ১৩টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জরিপের তথ্যের ভিত্তিতে এবারের সূচক তৈরি করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশে হয়েছে সাতটি জরিপ।
জরিপ প্রতিবেদনগুলো হলো- বার্টেলসম্যান ফাউন্ডেশনের ‘ট্রান্সফরমেশন ইনডেক্স’, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ‘কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্ট’, গ্লোবাল ইনসাইটের ‘কান্ট্রি রিস্ক অ্যাসেসমেন্ট’, পলিটিক্যাল রিস্ক সার্ভিসেস ইন্টারন্যাশনালের ‘কান্ট্রি রিস্ক গাইড’, বিশ্ব ব্যাংকের ‘কান্ট্রি পারফরমেন্স অ্যান্ড ইন্সটিটিউশনাল অ্যাসেসমেন্ট’, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ‘এক্সিকিউটিভ ওপিনিয়ন সার্ভে’ এবং ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের ‘রুল অব ল ইনডেক্স’।
সাধারণভাবে দুর্নীতি; ব্যক্তিস্বার্থে সরকারি ক্ষমতার অপব্যাবহার; স্বার্থের দ্বন্দ্ব এবং তহবিলের অননুমোদিত অপসারণ বা আত্মসাৎ; প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে উচ্চতর দুর্নীতি এবং কর আদায়ে নিয়ম বহির্ভূত অতিরিক্ত অর্থ আদায়কে প্রাধান্য দিয়ে এই ধারণা সূচক তৈরি করা হয়েছে বলে জানান ইফতেখার।
