২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ট্রেন চালু, রাজশাহীতে সকালে

অবরোধের মধ্যে নাশকতায় ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে ২২ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ আবার চালু হয়েছে।  

রাজশাহী প্রতিনিধি

কুমিল্লা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 06:56 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

একই কারণে শনিবার রাত থেকে বন্ধ রাজশাহীর রেলপথে মেরামত শেষ হলেও মঙ্গলবার সকালে ট্রেন চলাচল শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় রোববার রাত পৌনে ৮টার দিকে কুমিল্লার রাজাপুর ও শশীদল রেল স্টেশনের মাঝামাঝি ব্রাহ্মণপাড়া উপজেলার পাচোরা এলাকায় মহানগর গোধূলীর ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

ফলে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কুমিল্লা রেল স্টেশনের সহকারী মাস্টার শফিকুর রহমান জানান, সারাদিন মেরামত চলার পর সোমবার বিকাল ৪টায় কাজ শেষ হয়। 

এরপর কুমিল্লা স্টেশনে অপেক্ষায় থাকা সুবর্ণ এক্সপ্রেস সন্ধ্যা ৬টা ২০ এ চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।  

কুমিল্লার সাংসদ ও রেলমন্ত্রী মুজিবুল হক রোববার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। কর্তব্যে অবহেলার জন্য তিনি লাকসাম জিআরপি থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহকে সাময়িক বরখাস্তের আদেশ দেন।

দীর্ঘ সময় লাইন বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটের পথে পাঁচটি ট্রেনের যাত্রা বাতিল করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ।

 

এদিকে রাজশাহীর চারঘাট উপজেলার জোকুয়ার বিলে অবরোধকারীরা রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেললে গত শনিবার রাত দেড়টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের ইঞ্জিন ও পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

ফলে ঢাকা, খুলনাসহ উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

দীর্ঘ ৩৯ ঘণ্টা পর সোমবার বিকাল ৫টায় লাইন মেরামত শেষ হলেও নির্ধারিত ট্রেনের যাত্রা আগেই বাতিল হয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে আবার চলাচল শুরু হবে বলে রাজশাহী স্টেশনের সুপার আবদুল করিম জানান।   

রাজশাহীর ঘটনায় একটি মামলা করেছে রেল পুলিশ। একটি তদন্ত কমিটি করে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।    

পুরনো খবর:

নাশকতায় এলোমেলো রেলসূচি
নাশকতায় ধুমকেতু লাইনচ্যুত, ট্রেন বন্ধ