২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের স্বীকারোক্তি, ‘ঘুষ দেয়ায় মামলা হয়নি’

নদী থেকে অবৈধভাবে মাটি তোলার অভিযোগে আটকৃতদের কাছ থেকে ঘুষ নেয়ার কথা স্বীকার করেছেন পুলিশের এক এসআই।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 06:09 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

দেড় লাখ টাকা ঘুষ নিয়েও ছেড়ে না দিয়ে আটক তিনজনকে সোমবার সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে  এ খবর ফাঁস হয়ে যায়।

ধামরাই থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম সর্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামির পক্ষ থেকে টাকা দেয়ার কারণেই তো তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। নতুবা তাদের বিরুদ্ধে মামলা হতো।”

বংশী নদীর তীর ঘেঁষে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি তোলার অভিযোগে ধামরাইয়ের জহিরুল ইসলাম, বিল্লাল হোসেন ও মোখলেছুর রহমানকে আটক করা হয়।

আটক মোখলেছুর রহমানের বড় ভাই মোহাম্মদ বিল্টু জানান , রোববার বিকালে বংশী নদীর ঘাটের কাছে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার সময় ড্রেজারসহ ধামরাই থানা পুলিশ তাদের ধরে নিয়ে যায়।

দেড় লাখ টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেয়ার জন্য এসআই শহিদুল ইসলামের সঙ্গে তাদের রফা হয়।

“আজ (সোমবার) সকাল পর্যন্ত তাদের না ছেড়ে গোপনে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।”

টাকা নিয়ে তাদের না ছেড়ে আদালতে পাঠানোর ঘটনায় এসআই শহিদুলের সঙ্গে তার বাকবিতণ্ডাও হয় বলে জানান তিনি।

এ প্রসঙ্গে ধারমরাই থানার ওসি আব্দুর রশিদ বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে।”

এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।