সাক্ষীকে জেরার সুযোগ হারালেন ইউসুফের আইনজীবীরা
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির একেএম ইউসুফের বিরুদ্ধে প্রসিকিউশনের ত্রয়োদশ সাক্ষী সুধাংশু মণ্ডলের জেরা বন্ধ ঘোষণা করেছে ট্রাইব্যুনাল।
সোমবার আদালতে আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী না আসায় এবং উপস্থিত কনিষ্ঠ আইনজীবী জেরা করতে সম্মত না হওয়ায় এ সাক্ষীর জেরা বন্ধ ঘোষণা করা হয়।
পরে প্রসিকিউশনের চতুর্দশ সাক্ষী বাবুল কুমার মিস্ত্রির সাক্ষ্যগ্রহণের আদেশ দেয় বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
একেএম ইউসুফের মামলায় দ্বিতীয়বারের মতো কোনো সাক্ষীর জেরা বাতিল করা হলো। এর আগে গত ২৬ নভেম্বর মামলার দ্বাদশ সাক্ষী আফজাল হোসেনের জেরাও একই কারণে বাতিল করেছিল ট্রাইব্যুনাল।
বাবুল কুমার সাক্ষ্যে বলেন, একাত্তরে ১৯ মে রামপাল কলেজ মাঠে ইউসুফের উপস্থিতিতে শান্তি কমিটির সভায় হিন্দু সম্প্রদায়ের লোকদের ওপর আক্রমণ করার নির্দেশ দেয়া হয়। এসময় তার বাড়ির লোকেরা পুকুরপাড়ে সিঁড়ির নিচে আত্মগোপন করে।
তিনি বলেন, “পুকুরপাড়ে আমরা বাড়ির লোকজন লুকিয়ে থাকলে রাজাকাররা আমাদের ছয়টি টিনের ঘর লুটপাট করে। এসময় আমাদের চারটি লোহার সিন্দুক ভেঙে টাকা-পয়সা ও সোনাদানা তারা নিয়ে যায়।
“সিঁড়ির নিচ থেকে সন্ধ্যায় আমরা আকবর চেয়ারম্যানের বাড়িতে যাই। ওই বাড়িতে আমরা আফালে (ওপরের পাটাতন) ও চৌকির নিচে দুই থেকে তিনদিন কাটাই। এরপর আকবর চেয়ারম্যানের নেতৃত্বে আমরা অনেক লোকজন ভারতে চলে যাই।”
বর্তমানে ৪৯ বছর বয়সী বাবলু কুমার আরো বলেন, তার বাবা অনিল কুমার মিস্ত্রীর কাছ থেকে তিনি শুনেছেন, একেএম ইউসুফের নেতৃত্বে একাত্তরের মে মাসের সম্ভবত ১৯ তারিখে ডাকরায় একটি গণহত্যা হয়।
“সেখানে আমার মামা কার্তিক হালদারসহ পাঁচ থেকে সাত হাজার লোক সমাগত হয়েছিল। এতে রাজাকাররা চারদিক থেকে এলোপাতাড়ি গুলি করে ৫০০/৬০০ জনকে হত্যা করে।”
সাক্ষ্য দেয়া শেষ হলে এ সাক্ষীকে আংশিক জেরা করেন আসামিপক্ষের জুনিয়র আইনজীবী গাজী এমএইচ তামিম। এরপর জেরা অসমাপ্ত রেখেই মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
গত ৬ সেপ্টেম্বর প্রসিকিউটর রেজাউর রহমান এ কে এম ইউসুফের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপন করেন। ওই দিন থেকে তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ পর্যন্ত তার বিরুদ্ধে ১৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
এর আগে গত ১ আগস্ট ইউসুফের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটসহ ৪ ধরনের ১৩টি অভিযোগে অভিযুক্ত করা হয়।
গত ১২ মে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ইউসুফের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই দিনই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
