২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারাকান্দি-বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন রেল চলাচল শুরু

লাইন উপড়ে ফেলার ১২ ঘণ্টা পর জামালপুরের তারাকান্দি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন ট্রেন যোগাযোগ শুরু হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 04:43 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

শহীদনগর বারইপটল স্টেশনের সহকারী মাস্টার জসিম উদ্দীন জানান, লাইন মেরামতের পর সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রোববার রাত ১১টায় অবরোধকারীরা শহীদনগর বারইপটল স্টেশন ও হেমনগর স্টেশনের মাঝে গোপালপুর উপজেলার ভেড়াডাকুরি এলাকায় প্রায় আধা কিলোমিটার রেল লাইন উপড়ে ফেলে। ফলে ওই লাইনে রাত থেকে ট্রেন চলাচল বন্ধ থাকে।

রেলের ভূয়াপুর সেকশনের সহকারী প্রকৌশলী (ওয়ে) মাহফুজুর রহমান জানান, অবরোধকারীরা রেলের ফিসপ্লেট খুলে লাইন উপড়ে দূরে ফেলে দেয়। তারা লাইনের  প্রায় ৭শ ক্লিপ খুলে ফেলে।

তিনি বলেন, লাইন উপড়ে ফেলে ভোররাত পর্যন্ত অবরোধকারীরা সেখানে অবস্থান করায় রেলের কর্মকর্তা কর্মচারীরা সকালের আগে সেখানে পৌঁছতে পারেননি।