অবরোধের তৃতীয় দিন: সহিংসতা, প্রাণহানি অব্যাহত
অব্যাহত সহিংসতা, সংঘর্ষ, ভাংচুর, অগ্নিসংযোগ ও রেললাইলে নাশকতার মধ্য দিয়ে সারাদেশে ১৮ দলের দ্বিতীয় দফার অবরোধ চলছে।
সোমবার সকালে অবরোধের সময় আরো ৫৯ ঘণ্টা বাড়িয়ে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দেয় হয়েছে।
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ সকালে অজ্ঞাত স্থান থেকে কর্মসূচি বাড়ানোর কথা সাংবাদিকদের জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম কার্যালয় এবং জেলা প্রতিনিধিরা জানান, দ্বিতীয় দফা অবরোধের তৃতীয় দিন নাটোরে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এক যুবদলকর্মী নিহত হয়েছেন।
রাজশাহীতে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে অবরোধকারীরা। চট্টগ্রামে অবরোধকারীদের ছোড়া হাতবোমায় স্কুলগামী এক ছাত্রী আহত হয়েছে।
দেশের বিভিন্ন জেলায় যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এছাড়া গাজীপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের গাড়িবহরে এবং লালমনিরহাটে বাণিজ্যমন্ত্রী জিএম কাদেরের বাড়িতে হাতবোমা ফাটানো হয়েছে।
নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। গত ২৪ ডিসেম্বর নির্বাচনকালীন সরকারের দিন গণনা শুরুর পর জোটের পক্ষ থেকে কয়েকদফা সহিংস কর্মসূচি দেয়া হয়।
সিরাজগঞ্জে অ্যাম্বুলেন্স ভাংচুর
সকালে সিরাজগঞ্জ-নলকা সড়কের চকশিয়ালকোল সিএনজি পাম্পের সামনে একটি অ্যাম্বুলেন্সে ভাংচুর চালিয়েছে অবরোধকারীরা। পরে পুলিশ গেলে তারা সটকে পড়ে।
সলঙ্গা থানার এএসআই আবু রায়হান জানান, সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজারে পিকেটিংকালে নকলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা (৩০) ও এরান্দহ উত্তরপাড়ার মজিবুর রহমানের ছেলে শিবিরকর্মী রেজাউল করিমকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা যানবাহন ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার মামলার আসামি বলেও জানান তিনি।
সাংবাদিকের অফিসে অগ্নিসংযোগ
রোববার রাত সোয়া ১১টার দিকে দুই যুবক যায়যায়দিন পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি বাদল ভৌমিকের তালবন্ধ অফিসের দরজায় পেট্রোল ঢেলে আগুণ দিয়ে পালিয়ে যায়।
এরপর দরজা ও অফিসের ভিতরে দ্রুত আগুণ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিক আগুণ নিভিয়ে ফেলায় তেমন ক্ষতি হয়নি।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া পেট্রলের খালি বোতলসহ আলামত সংগ্রহ করেছে।
সিরাজগঞ্জ প্রেসক্লাব ও জেলা প্রেসক্লাবসহ জেলায় কর্মরত সাংবাদিকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন।
বরিশালে সড়ক অবরোধ, আটক ২৮
নগরীর বিভিন্ন সড়কে অবরোধের চেষ্টা করেও ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা পুলিশের বাধার কারণে রাজপথে দাঁড়াতে পারেনি।
নগরীর কাউনিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানান, সকাল সোয়া ৬টার দিকে বিসিক শিল্প নগরী এলাকায় ছাত্র শিবিরকর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ সেখান থেকে রাসেল নামে এক শিবিরকর্মীকে আটক করেছে।
এছাড়া রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত বরিশাল জেলার নয়টি থানায় ১৮ দলীয় জোটের ২৮ জনকে আটক করা হয়েছে বলে জেলার পুলিশ সুপার একেএম এহ্সানউল্লাহ জানিয়েছেন।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে নগরীর বান্দ রোডের ভাটার খাল এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রদল নেতাকর্মীরা।
একই সময় নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে সিএ্যান্ডবি রোডে গাছের গুড়ি ফেলে ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে অবরোধের চেষ্টা করে ছাত্রদলকর্মীরা।
সকাল ৮টার দিকে নবগ্রাম রোড-কালীজিরা রোডের নতুনহাট এলাকায় বিএনপি নেতাকর্মীরা অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
এদিকে রোববার রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের সাতমাইল ক্যাডেট কলেজ এলাকায় ১৮ দলের নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ এবং যানবাহনে ভাংচুর করে।
বিমানবন্দর থানার এসআই আবুল খায়ের জানান, পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাত রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
একই মহাসড়কের উজিরপুরের বামরাইল এলাকায় রোববার রাতে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় অবরোধকারীরা আগুন দিলে চালক দগ্ধ হন। তাকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থানর অবনতি হওয়ায় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে, মাটির বাঁধ দিয়ে, রাস্তা কেটে ও বালির প্রাচীর নির্মাণ করে জেলা শহরের সঙ্গে সব উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে অবরোধকারীরা।
সদর থানার ওসি এনামুল হক জানান, শহরের মিল বাজার থেকে সকালে শহর শাখা জামায়াতের আমির মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হরতালে গাছ কেটে সড়ক অবরোধ ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।
নাশকতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।
সকালে শহরের অদূরে কদমতলা, সাতক্ষীরা-খুলনা মহসড়কের বিনেরপোতা, সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঁকাল, সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর ও আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে অবরোধ করেছে বিএনপি ও জামায়াতকর্মীরা।
এছাড়া সাতক্ষীরা-যশোর মহাসড়কের লাবসা বেতলার মোড়, ছয়ঘরিয়া মোড়ে রাস্তা কেটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তারা।
চাঁদপুরে নির্বাচন কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা
বিএনপি নেতাকর্মীরা সকালে জেলা নির্বাচন কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকার ওই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন।
পুলিশ সুপার মো. আমির জাফর জানান, সংঘর্ষের সময় ছয় জনকে আটক করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে আরো আট পিকেটারকে।
নওগাঁয় রিজভীর জন্য হরতাল
বিএনপির যুগ্ম মহসচিব রুহুল কবীর আহম্মেদ রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে নওগাঁয় আধাবেলার হরতাল পালন করেছে বিএনপি।
তবে হরতালে পিকেটারদের তৎপরতা লক্ষ্য করা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের কড়া পাহারা ছিল পুলিশের।
না’গঞ্জে অগ্নিসংযোগ, ভাংচুর, বিস্ফোরণ
নারায়ণগঞ্জে অবরোধকারীরা সড়ক ও গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মিছিল করেছেন বিএনপি সমর্থকরা। পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে।
সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সকাল সাড়ে ৮টার দিকে শহরের হাজীগঞ্জ এলাকায় মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা অবরোধ সমর্থনে মিছিল বের করে। এসময় তারা সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভাংচুর করে বেশ কয়েকটি যানবাহন। বিস্ফোরণ ঘটায় বেশ কয়েকটি ককটেলের।
এর আগে সকাল ৮টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে এমপি নাসিম ওসমানের কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনায় পিকেটাররা। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
পরে পুলিশ ধাওয়া দিয়ে পিকেটারদের তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়, বলেন তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, সকাল ৬টার দিকে সদরের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় ছাত্র শিবিরের কর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল বের করে। তারা সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ভাংচুর করে বেশ কয়েকটি যানবাহন।
পরে পুলিশ গেলে তারা পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান, সকালে রূপগঞ্জের তারাবোতে আসিয়ান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে পিকেটাররা। ভাংচুর করে বেশ কয়েকটি যানবাহন।
সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, সকাল ৬টার দিকে বস্তল এলাকায় সড়কে পেট্রোল ঢেলে আগুন দেয় পিকেটাররা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এই ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
নরসিংদীতে হাতবোমা বিস্ফোরণ, আটক ১৮
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ১৮ দলের একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়।
এসময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে অন্তত ১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় ১৮ জন অবরোধকারীকে আটক করে পুলিশ।
