২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হাতবোমায় শিশু ও রিকশাচালক আহত

চট্টগ্রাম নগরীতে অবরোধকারীদের ছোড়া হাতবোমায় আহত হয়েছে এক শিশু ও এক রিকশাচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 02:29 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

সোমবার সকালে নগরীর আকবর শাহ এলাকায় দুই ঘটনায় তারা আহত হন।

আহত সুমাইয়া আক্তার সাদিয়া (৫) ওই এলাকার ক্যাব ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। সে পাহাড়তলীর সিগন্যাল কলোনীর বাসিন্দা ওসমান গণি রাসেলের মেয়ে।

আর আহত রিকশাচালকের নাম আবুল বাশার (৫০)।

সাদিয়ার চাচা ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে মায়ের সঙ্গে স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতবোমা বিস্ফোরণে সাদিয়া আহত হয়।

“আকবর শাহ এলাকায় অবরোধকারীরা রাস্তায় ব্যারিকেড দিলে সাদিয়া ও তার মা রিকশা থেকে নেমে হেঁটে স্কুলের দিকে রওনা হয়। এসময় কাছেই হাতবোমা ফাটলে একটি স্প্লিন্টার এসে সাদিয়ার মাথায় লাগে।”

স্থানীয় একটি ওষুধের দোকান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাদিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান ওমর ফারুক।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে রিকশাচালক বাশারকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি পায়ে আঘাত পেয়েছেন।

আকবর শাহ থানার ওসি আবদুল মজিদ বলেন, আকবর শাহ মোড়ে হাতবোমা বিস্ফোরণে রিকশাচালক বাশার আহত হন।