পটিয়ায় আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি
চট্টগ্রামের পটিয়া উপজেলায় সোমবার আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
উপজেলা যুবদলের একাংশের সাধারণ সম্পাদক আবদুল গফুরকে হত্যার প্রতিবাদে এ হরতাল ডাকে বিএনপি।
নিহত গফুর পটিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি ইদ্রিস মিয়ার অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনৈতিক কারণে না হয়ে স্থানীয় কোন বিরোধের জের ধরে গফুর খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি জানিয়ে পুলিশ কর্মকর্তা শামীম বলেন, “স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়েছে।”
উপজেলা বিএনপি’র সভাপতি ইদ্রিস মিয়া যুবলীগ কর্মীরা এ হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুবলীগ কর্মীদের হাতে নিহত হওয়ায় প্রতিবাদে পটিয়া উপজেলায় সকাল ছয়টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ডাকা হয়েছে।”
উপজেলার দক্ষিণ মুজ্জাফরাবাদ গ্রামে শনিবার রাত ২টার দিকে খুন হয় গফুর। ভোরে তার লাশ উদ্ধার করা হয়।
সেসময় জানানো হয়েছিল মোটর সাইকেল দুর্ঘটনায় গফুরের মৃত্যু হয়েছিল।
