সাতকানিয়ায় আরেকজনের লাশ উদ্ধার
চট্টগ্রামের সাতকানিয়ায় অবরোধকারীদের ধাওয়ায় নিয়ন্ত্রণহীন ট্রাকচাপায় নিহত আরো একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা ধাওয়ার কথা বললেও পুলিশ বলছে অবরোধকারীদের এটি নিছক দুর্ঘটনা।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কেরানিহাট সংলগ্ন আন্ধার মানিক মাজার এলাকায় এ দুর্ঘটনায় দুই পথচারী নিহত হন।
চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া অঞ্চলের এএসপি এ কে এম এমরান ভুঁইয়া জানান, রোববার সকালে কেরানিহাট সংলগ্ন আন্ধার মানিক মাজার এলাকায় রাস্তার পাশের খাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মফিজ উদ্দিন (২৮) সাতকানিয়ার ধর্মপুর এলাকার বাসিন্দা। একটি সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিপণন কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি।
এর আগে ঘটনাস্থল থেকে রাতেই উদ্ধার করা হয় নিমাই নাথ (৪০) নামের এক রঙ মিস্ত্রীর লাশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে মাজার এলাকায় মিনি ট্রাকটিকে ধাওয়া দেয় অবরোধকারীরা। এসময় ট্রাক লক্ষ্য করে পাথর ছোড়া হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয় এবং পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুই জন মারা যায়।
দুর্ঘটনার পর রাতেই এএসপি এমরান বলেছিলেন, “দ্রুতগতির মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এটা সড়ক দুর্ঘটনা।”
