২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে সংঘর্ষ, সোমবার হরতাল

অবরোধের দ্বিতীয় দিন গাজীপুরের কালিয়াকৈরে অবরোধকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 02:19 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

রোববার সকাল ৯টার দিকে এ ঘটনার পর উপজেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, পিকেটাররা সকালে উপজেলার সাহেববাজার বাইপাস অবরোধ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ টিয়ারশেল ও রাবারবুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় দুই পিকেটারকে আটক করা হয় বলেও জানান তিনি।

উপজেলা বিএনপি সভাপতি ও গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম অভিযোগ করেন, পুলিশ তাদের ‘শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ’ টিয়ারশেল ও গুলি ছোড়ে।

এর প্রতিবাদে কালিয়াকৈরে সোমবার হরতাল পালিত হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।  

এদিকে রোববার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গীর চম্পাকলি হলের সামনে টঙ্গী-কালীগঞ্জ সড়কে পিকেটারেরা ৩-৪টি হাতবোমা ফাটায় বলে টঙ্গী থানার ওসি কাজী ঈসমাইল হোসেন জানান। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে শনিবার রাত ৯টার দিকে গাজীপুরের বাইপাইল ব্রিজের ওপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গার্মেন্টের ‘ঝুট’ জড়ো করে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা।

কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ জানান, এ কারণে ওই সময় মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ আগুন নেভায়।