২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে অটোরিকশায় আগুন, ৩ জন দগ্ধ

পটুয়াখালীর বদরপুরে অটোরিকশায় অবরোধকারীদের দেয়া আগুনে সত্তর বছরের এক বৃদ্ধসহ তিনজন দগ্ধ হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 11:56 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

আহতরা হলেন সদর উপজেলার আব্দুস সাত্তার (৭০), মুজিবর রহমান এবং আতাউর রহমান।

আব্দুস সাত্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিদগ্ধ আব্দুস সাত্তার একজন মাদ্রাসা শিক্ষক।

পুলিশ সুপার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, অগ্নিদগ্ধরা অটোরিকশায় করে ছারছিনার পীরের ওরস থেকে বাড়ি ফিরছিলেন।

অটোরিকশাটি বরিশাল-পটুয়াখালী সড়কে বদরপুর বাস স্টপেজের কাছাকাছি এলে অবরোধকারীরা এতে আগুন ধরিয়ে দেয়।

অগ্নিদগ্ধ অটোরিকশা যাত্রীদের এলাকাবাসী উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করে। সেখানে দগ্ধ সাত্তারের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বরিশাল সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন পরিদর্শনে আসা জেলা প্রশাসক অমিতাভ সরকার।  

পটুয়াখালী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সেলিম মাতবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুস সাত্তারের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

আহত অপর দু’জনকে পটুয়াখালী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।