নিয়ম ভেঙে বিএসএফ-এর ১১ বাংলাদেশিকে ফেরত
অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগের পর ১১জন বাংলাদেশি বন্দিকে ফেরতের নিয়ম ভঙ্গ করে দেশে পাঠিয়েছে বিএসএফ।
শনিবার সকালে গোমস্তাপুর থানা পুলিশ আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ এলাকা থেকে তাদের আটক করে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানা ওসি ফিরোজ আহমেদ।
তিনি বলেন, “আটককৃতদের থানায় এনে বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।”
আটককৃতরা হচ্ছেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার পানিকাটা গ্রামের ধনঞ্জয় রায়ের ছেলে মিলন (২৪), জগন্নাথপুর গ্রামের ধনেশ্বর রায়ের ছেলে মানুচন্দ্র রায় (২৪), মৃত সমীর উদ্দিনের ছেলে মোস্তফা (৫৫), চিরিরবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের বিভাষ চন্দ্রের ছেলে পলাশ (২০), মোহনচন্দ্র রায়ের ছেলে ভূপতি চন্দ্র (২০), সুবাস চন্দ্রের ছেলে প্রদীপ (২২), দ্বিজেন চন্দ্রের ছেলে গয়ানাথ চন্দ্র (৩০), বিরল উপজেলার আকড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোস্তাফিজুর (২৩), বোচাগঞ্জ উপজেলার ছাতনা গ্রামের শরফুদ্দিনের ছেলে আমিনুল (৪০), যশোর মনিরামপুর উপজেলার বাঁকুড়া গ্রামের ফজর শেখের ছেলে সেলিম শেখ (২৫) ও খুলনার দিঘোলিয়া উপজেলার ঘোষগাতি গ্রামের খলিল মন্ডলের ছেলে জেরুল মন্ডল (২২)।
গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে শনিবার ভোরে ফিরে আসা এই ১১জনই বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করেছেন নওগাঁ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জাফর।
তবে বন্দি ফেরত দেয়ার নিয়ম না মেনে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোয় এ ব্যাপারে বিজিবি বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, “২০১১ সালে হিলি সীমান্ত দিয়ে কাজের সন্ধানে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিল এরা।”
পরে ভারতীয় পুলিশ আটক হন তারা। বিভিন্ন মেয়াদে কারাবরণ করে তারা। সাজার মেয়াদ শেষে গত শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেল থেকে মালদহ বিএসএফ হেডকোয়ার্টারে নিয়ে আসা হয় তাদের।
সেখান থেকে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।
