সাতক্ষীরায় সাংবাদিকের মাথা ফাটিয়েছে শিবির
দৈনিক মানবজমিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ইয়ারব হোসেনকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।
বিরোধী দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন শনিবার বেলা ১১টার দিকে কাজে যাওয়ার পথে সদর উপজেলার আখড়াখোলা মোড়ে সাতক্ষীরা-যশোর সড়কে ইয়ারবকে বেধড়ক পেটায় তারা।
সদর থানার ওসি এনামুল হক জানান, সাংবাদিক ইয়ারব সকালে সদর উপজেলার নিজ বাড়ি তুজুলপুর থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিলেন। পথে আখড়াখোলা মোড়ে পৌঁছলে জামায়াত-শিবিরকর্মীরা তাকে জোর করে মোটরসাইকেল থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরার সিভিল সার্জন জেড আতিক বলেন, “ইয়ারবের মাথা ফেটে গেছে। সেখানে পাঁচটি সেলাই দিতে হয়েছে।”
এদিকে জেলার সকল প্রবেশদ্বারের প্রধান সড়কে গাছ ফেলে ও বাঁশের ব্যারিকেড দিয়ে অবরোধ করে রেখেছে জামায়াত-শিবিরকর্মীরা।
সকালে সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা বাজার, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের আলীপুর চেকপোস্ট, সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়, সাতক্ষীরা-খুলনা সড়কের বিনেরপোতাসহ জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে তারা।
অবরোধে জেলার ৮টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া সাতক্ষীরার পাটকেলঘাটা হারুন-অর-রশিদ কলেজের সামনে তালা উপজেলা ওলামা লীগের সভাপতি শেখ আনছার আলীর মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
