চট্টগ্রামে ৪০০ রাউন্ড গুলি উদ্ধার
বিরোধী দলের অবরোধ শুরুর আগ মুহূর্তে বন্দর নগরীতে ৪০০ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে জিইসি মোড়ে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গুলি উদ্ধার এবং দুজনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আনোয়ার হোসেন (৩০) ও আবুল হোসেন (৩০)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
চকবাজার থানার ওসি শেখ আতিক আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার দিকে জিইসি মোড়ে চেক পোস্টে একটি গাড়ি থামানো হয়। ওই গাড়িতে ৪০০ রাউন্ড গুলি পাওয়ার পর আরোহী দুজনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার গুলিগুলোর মধ্যে ১০০ রাউন্ড শটগানের গুলি, বাকিগুলো টুটু বোরের রাইফেলের।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে ওসি জানান।
