শনিবারের পরীক্ষা পিছিয়েছে
বিরোধী দল ফের অবরোধ ডাকায় শনিবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।
এই পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানিয়েছেন।
শনিবার প্রাথমিক সমাপনীতে ধর্ম এবং ইবতেদায়ীতে কুরআনও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা ছিল। এ নিয়ে দ্বিতীয় দফায় পেছানো হলো এই পরীক্ষা।
গত বৃহস্পতিবার এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিরোধী দল অবরোধের সময় বাড়ানোয় তা পিছিয়ে শনিবার করা হয়।
অবরোধের কারণে গত বুধবারেরও পূর্ব নির্ধারিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর দুটি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়।
গত ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে, যাতে অংশ নিচ্ছে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী।
দশম জাতীয় সংসদের নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট গত মঙ্গলবার ভোর ৬টা থেকে টানা ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে, যা শেষ হয় শুক্রবার ভোর ৫টায়।
শুক্রবার রাতেই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ ব্রিফিংয়ে সারা দেশে শনিবার ভোর ৬টা থেকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।
বিরোধী দলের হরতালে এর আগে জেএসসি-জেডিসির ১৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। এছাড়া হরতালের কারণে এবারের এইচএসসির ৪১টি বিষয়ের এবং এসএসসির ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।
