২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাশকতার আগুনে’ পুড়ল পোশাক কারখানা

গুলিতে শ্রমিক নিহতের গুজবে গাজীপুরের কোনাবাড়িতে বিক্ষুব্ধ শ্রমিকদের রোষানলে পুড়ল স্ট্যান্ডার্ড গ্রুপের পোশাক কারখানা।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 09:51 AM

Updated : 13 Oct 2022, 03:05 PM

পুলিশ বলছে, শ্রমিক অসন্তোষের মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে মাইকে লোক জড়ো করে জরুন এলাকায় কারখানা কমপ্লেক্সের তিনটি ভবন ও দুটি শেডে ভাংচুর করে আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় ১৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় বলে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী সুপার মোশারফ হোসেন জানান। 

যেভাবে ঘটনা ঘটেছে, তাতে বিষয়টিকে নাশকতা বলে মনে করছে পুলিশ ও ফায়ার ব্রিগেড। কারখানা কর্তৃপক্ষও এ ঘটনার জন্য ‘বহিরাগত শ্রমিকদের’ দায়ী করেছে। 

হামলার আগে আগে শ্রমিকরা বেরিয়ে যাওয়ায় অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরুপণ সম্ভব না হলেও কারখানা কর্তৃপক্ষ বলছে,   আগুনে তিনটি ভবনের প্রায় সব মালামাল পুড়ে গেছে। রপ্তানির জন্য তৈরি পোশাক বোঝাই সাতটি কভার্ড ভ্যানসহ প্রতিষ্ঠানের মোট ৩১টি গাড়িতে আগুন দেয়া হয়েছে।

ঘটনা খতিয়ে দেখতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।  

জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জাফর আহমেদ জানান, ওই চত্বরের ছয় তলা দুটি ভবন এবং পাশের দুটি প্যাকেজিং শেডের আগুন শেষ রাতে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ১০ তলা মূল ভবনের বিভিন্ন অংশে আগুন জ্বলছিল বিকাল পর্যন্ত।

অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা বলছেন, চত্বরের প্রতিটি ভবনেই আলাদাভাবে আগুন দেয়া হয়। ১০ তলা ভবনের তিনতলায় আগুন দেয়ার পর তা ছড়িয়ে পড়ে। আর পাশের ৬ তলা একটি ভবনের নিচতলায় রাসায়নিক ও অন্যান্য সরঞ্জামের গুদামে আগুন লাগার পর অগ্নিকাণ্ড ভয়াবহ আকার ধারণ করে।

গভীর রাতে আগুনের ভয়াবহতায় পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

আবু জাফর আহমেদ বলেন, “জয়দেবপুর, কালিয়াকৈর, টঙ্গী ও সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করেছে। আহত হয়েছেন এমন কাউকে আমরা পাইনি।”

গাজীপুর ফায়ার ব্রিগেডের পরিচালক মেজর এ কে এম শকিল নেওয়াজ জানান, দীর্ঘ সময় আগুন জ্বলায় কারখানা চত্বরের ১০ তলা ভবনটি ঝঁকিপূর্ণ হয়ে পড়েছে।

“পুড়তে পুড়তে রড, কংক্রিটের টেম্বার নষ্ট হয়ে গেছে। বিভিন্ন জায়গা থেকে কংক্রিট খসে পড়ছে। আগুন নেভাতে পানি দেয়ায় পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠেছে। এরই মধ্যে ভবনের বিভন্ন অংশে বিকাল পর্যন্ত পকেট ফায়ার দেখা গেছে।”

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী সুপার মোশারফ হোসেন বলেন, “ যে ঘটনা জানতে পেরেছি, তাতে এটা যে নাশকতা, তা স্পষ্ট।”

পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে ‘বহিরাগত কিছু শ্রমিক’ বিক্ষোভ করতে করতে এসে স্ট্যান্ডার্ড কারখানার কর্মীদের বেরিয়ে আসতে বলে এবং তাদের সঙ্গে যোগ দিতে বলে।কিন্তু স্ট্যান্ডার্ডের কর্মীরা তাতে সাড়া না দিলে ‘বহিরাগতরা’ বাইরে থেকে ঢিল ছুড়ে চলে যায়।

রাত ১০টার দিকে নিরাপত্তারক্ষীদের পালাবদলের সময় আবারো কিছু ‘বহিরাগত শ্রমিক’ এসে স্ট্যান্ডার্ড কারখানার বাইরে থেকে ঢিল ছুড়তে শুরু করলে কর্তৃপক্ষ কারখানা ছুটি দিয়ে দেয় বলে মহা ব্যবস্থাপক নূর ই আলম জানান।

এক পর্যায়ে পুলিশ এসে রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ সময় পুলিশের গুলিতে দুই শ্রমিক নিহতের গুজব ছড়িয়ে পড়লে আশেপাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে কয়েক হাজার লোক জড়ো করা হয় স্ট্যান্ডার্ড কারখানার বাইরে। রাত ১২টার দিকে তারা কারখানা চত্বরে ব্যাপক ভাংচুর চালায় এবং ভবনে আগুন দেয়।

এক পর্যায়ে আগুন ভয়াবহ আকার ধারণ করলে সরে পড়ে হামলাকারীরা।

কারখানার মহা ব্যবস্থাপক নূর ই আলম জানান, কারখানা চত্বরে থাকা সব গাড়িও হামলাকারীরা পুড়িয়ে দিয়ে যায়, যার মধ্যে সাতটিতে রপ্তানির জন্য পোশাক বোঝাই করা ছিল। 

নূর ই আলম জানান, কারখানার মালিক প্রকৌশলী মোশাররফ হোসেন ও আতিকুর রহমান। তাদের রিয়েল এস্টেটের ব্যবসাও রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল ইসলাম ও পুলিশ সুপার আবদুল বাতেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকালেই কারখানা চত্বর পরিদর্শন করেন।

পরে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. মহসনিকে প্রধান করে গঠিত এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

২০০২ সনে ১৫’শ কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করে স্ট্যান্ডার্ড গ্রুপ।  কারখানার চত্বরের ১০ তলা মূল ভবনের প্রতিটি ফ্লোর ৭৫ হাজার স্কয়ার ফিটের।

গাজীপুর সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমাযুন কবির জানান, গত ১৭ নভেম্বর বিকালে বিক্ষুদ্ধ শ্রমিকরা স্ট্যান্ডার্ড কারখানার পাশে জরুন রোডের ছোট-বড় অর্ধশতাধিক দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। পরে তারা স্থানীয় ব্যবসায়ী মো. কাউসারের বাড়িসহ আশপাশের আরো তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করেছিল। এতে ওইসময় কমপক্ষে ৬০টির মতো ঘর পুড়ে যায়।