রাজশাহীতে রোববার হরতাল
মেয়রসহ নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগে রোববার রাজশাহীতে অর্ধদিবস হরতাল ডেকেছে ১৮ দল।
বৃহস্পতিবার দুপুরে মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতালের এ ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু।
মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ নেতাকর্মীদের উপর হামলা ও মামলার প্রতিবাদে হরতালসহ ১৮ দলের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
কর্মসূচিতে আরো রয়েছে ২৯ নভেম্বর নগরীর ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ এবং ৩০ নভেম্বর নগরীর চার থানায় বিক্ষোভ।
বুধবার সকালে আধাবেলা হরতাল ও অবরোধের সমর্থনে ১৮ দলের মিছিল ও রাস্তা অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও ১০ পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন।
পুলিশের উপর হামলার ঘটনায় বিএনপির চারশ’ নেতাকর্মীর নামে বুধবার রাতে একটি মামলা করেছেন বোয়ালিয়া থানার এসআই গোলাম রাব্বানি।
এ মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৬ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, “পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দান এবং বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে।”
মামলায় ঘটনাস্থল থেকে আটক আটজনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
