আন্ত:জেলা ৮ ডাকাত গ্রেপ্তার
পাবনার চাটমোহ-ছাইকোলা সড়কে ডাকাতির চেষ্টাকালে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা মোহন আলী(২০), সোহেল রানা(১৮), ইমরান হোসেন(২১), লিটন আলী(১৯), রাশেদুল ইসলাম(২২), আব্দুল কাদের(২৫), তুষার মাহমুদ(১৮) ও সজল(২০)। এদের সবার বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামে।
এদের মধ্যে ৬জন কলেজ ছাত্র ও ২জন শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।
চাটমোহর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, বুধবার গভীর রাতে ওই এলাকার মানুষ মুঠোফোনে থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় তাদের গ্রেপ্তার করে।
ডাকাতরা এ সময় সড়কের ঢালের ম্যাট্রেসিংয়ের ইট তুলে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে একটি সব্জি বোঝাই ট্রাকে ডাকাতির চেষ্টা করছিল।
তাদের কাছ থেকে ২টি বড় তরবারি, ১টি হাঁসুয়া ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
অবরোধ-হরতালের সময় চাটমোহর-ছাইকোলা সড়ক দিয়ে প্রচুর সংখ্যক ট্রাক ও পিকআপ কুষ্টিয়া, পাবনা, ঈশ্বরদী থেকে এ পথে চলাচল করে।
তাদের বৃহস্পতিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
