অটোরিকশা উল্টে দিয়েছে অবরোধকারীরা, আহত ৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবরোধকারীরা একটি অটোরিকশা উল্টে দিয়েছে। এতে আহত হয়েছেন চার যাত্রী।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের পন্থিছিলা মাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনায় আহতদের চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানান, আহতরা সবাই মিরসরাই উপজেলার দমদমা এলাকার বাসিন্দা।
এরা হলেন- রঞ্জিত বড়ুয়া (৩৬), আরতি বড়ুয়া (৬০), মায়া বড়ুয়া (৫০) ও পূরবী বড়ুয়া (৫০)।
পথে অবরোধ সমর্থকরা ধাওয়া দিলে অটোরিকশাটি উল্টে যায়। এর পর তারা তাতে ভাংচুর চালায়।
এতে রঞ্জিতের বাম পায়ের গোড়ালি ভেঙ্গে গেছে। আরতি হাতে আঘাত পেয়েছেন। অন্য দুজনও আহত হয়েছেন।
নায়েক হামিদুর বলেন, আহত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রঞ্জিত ও আরতি চিকিৎসাধীন আছেন।
