অবরোধের বাধায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়কে বিরোধীদলীয় জোটের অবরোধের পাথরে ধাক্কা লেগে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার আহম্মদপুরে নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর ভানুরাতানোর গ্রামের হামিদ মিয়ার ছেলে জসিম (২৫) ও নাটোরের সিংড়া উপজেলার বড়বাড়ইহাটী গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাহীন (২০)।
প্রত্যক্ষদর্শী নূরুল ইসলাম বলেন, অবরোধকারীরা মধ্য রাতে আহম্মদপুর মসজিদের সামনে মহাসড়কে ইট ও পাথর জড়ো করে রাখে। সিমেন্ট নিয়ে রাজশাহী যাওয়ার সময় দ্রুতগামী ট্রাকটির চাকা একটি বড় পাথরে উঠে গেলে বাহনটি উল্টে যায়।
এতে ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক বস্তার নিচে চাপা পড়ে মারা যান।
নাটোরের বনপাড়া মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মাসুদ পারভেজ বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
