রেললাইন খোলার সরঞ্জামসহ যুবদল নেতা গ্রেপ্তার
বগুড়া শহর যুবদল সভাপতি মাসুদ রানাকে রেললাইন খোলার হুইল রেঞ্জ, ৪০টি হাতবোমা, দুইটি রামদা, দুইটি চাপাতি ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় শহরের মালতিনগরের একটি বাড়ি থেকে বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিল এই যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধকালে বিভিন্ন জায়গায় নাশকতায় দেশের রেল যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে।
বগুড়া গোয়েন্দা পুলিশের চীফ মিজানুর রহমান জানান, মাসুদের ভাড়া করা মালতিনগরের বাসায় অভিযান চালিয়ে রেল লাইন খোলার হুইল রেঞ্জ, ৪০টি হাতবোমা, দুইটি রামদা, দুইটি চাকু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
“এ সময় মাসুদকে গ্রেপ্তার করা হয়।”
সদর থানার ওসি ফায়জুর রহমান জানান, মাসুদের বিরুদ্ধে সন্ত্রাসি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
মামলার কারণে তিনি নিজের বাড়ি ছেড়ে মালতিনগরে ভাড়া বাসায় অবস্থান করছিল বলে জানান তিনি।
