২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামু তাণ্ডব: উপজেলা চেয়ারম্যান তোফায়েল গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে তাণ্ডবের ঘটনায় মামলার অন্যতম আসামি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 03:50 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনজুর আলম জানান, বৃস্পতিবার বেলা ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রামুর বৌদ্ধ বিহার ও বসতিতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটে নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে তোফায়েলের বিরুদ্ধে।

কক্সবাজার পুলিশ সুপার মো. আজাদ মিয়া জানান, রামু তাণ্ডবের করা মামলাগুলোর মধ্যে তিনটি মামলার অন্যতম আসামি তোফায়েল। ওই তিনটিসহ সাত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ তুলে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে বৌদ্ধবসতিতে রাতভর তাণ্ডব চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। রামু উপজেলার সাতটি বৌদ্ধ মন্দির, প্রায় ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।