২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্টার-বিলবোর্ড সরানোর নির্দেশ

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ‘প্রার্থীদের’ আগাম প্রচারণামূলক সব ধরনের পোস্টার-বিলবোর্ডসহ প্রচারসামগ্রী অপসারণের নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 11:19 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন মঙ্গলবার মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তার কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানোর কথা বলেছেন ইসির উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ।

নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এ সংক্রান্ত বিশেষ নির্দেশ রিটার্নিং কর্মকর্তা, পুলিশ প্রশাসনসহ নির্বাচন কর্মকর্তাদের কাছে মঙ্গলবারই পাঠানো হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এর আগে ২ ডিসেম্বর পর‌্যন্ত মনোনয়ন দাখিল, ৫ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১৩ ডিসেম্বর পর‌্যন্ত প্রত্যাহারের সময় রয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার‌্যালয় থেকে মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণ শুরুও হয়েছে।

নির্বাচনের তফসিলের আগেই বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচারণা ও ভোট প্রার্থনা সম্বলিত প্রচারসম্বলিত আওয়ামী লীগের পোস্টার-বিলবোর্ড দেশজুড়ে ছেয়ে যায়।

বিরোধী দলের প্রার্থীদেরও রয়েছে নানা ধরনের আগাম কর্মসূচি ও সভাসমাবেশকে সামনে রেখে নানা পোস্টার, বিলবোর্ড।

ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি কার‌্যকর শুরু হয়ে গেছে। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা প্রচারণায় নামতে পারবেন। প্রচারণার নির্ধারিত সময়ে বিধি মেনে তা করতে হবে।

ইসি সচিবালয়ের একজন কর্মকর্তা বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থী ও প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণামূলক এসব সামগ্রী অপসারণ করতে হবে। স্বউদ্যোগে সম্ভাব্য প্রার্থীরা তা সরিয়ে ফেলার পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।”

দেয়াল লিখন মুছে ফেলার ব্যবস্থাও নেয়া হবে বলে জানান তিনি।

আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকার জরিমানার বিধান রয়েছে ব্যক্তিপর‌্যায়ে। নিবন্ধিত রাজনৈতিক দলের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

অনিয়ম ধরা পড়লে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও ইসির রয়েছে।

সংশোধিত আচরণবিধিতে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ‘সরকারি সুবিধা’ ছেড়ে প্রচারণা করতে হবে।

রোববার জাতির উদ্দেশে দেয়া ভাষণে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ সব দল ও প্রার্থীকে আচরণবিধি অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, “বিধি লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেয়া হবে না। কে কোন পদে আছে তা দেখা হবে না।”