২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম-বেনাপোলে সোনার ৪ চালান আটক

চব্বিশ ঘণ্টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম বিমানবন্দর এবং বেনাপোল স্থলবন্দরে সোনার চারটি চালান আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 05:46 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে আসা একটি উড়োজাহাজ থেকে ১৬০টি এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমান থেকে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়। আর আগের দিন সন্ধ্যায় চট্টগ্রাম নগরী থেকে ২৬টি এবং বেনাপোল স্থলবন্দর থেকে ১২টি সোনার বারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

শাহজালাল বিমানবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার ওয়াজেদ আলী জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ওই সোনা পাওয়া যায়।

তিনি বলেন, “টয়লেটের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ১৬০টি সোনার বার পাওয়া যায়। এর বাজারমূল্য আনুমানিক আট কোটি টাকা।”

তবে শুল্ক গোয়েন্দারা এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পরেননি। 

এদিকে সকালে দুবাই থেকে চট্টগ্রাম আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের কেবিনে পরিত্যক্ত অবস্থায় ৬০টি সোনার বার পাওয়া যায় বলে কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান।

তিনি বলেন, পৌনে ১২টার দিকে বিমানটি আসার পর বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি চালিয়ে সোনার বারগুলো উদ্ধার করে।

এসময় বিমানে কোনো যাত্রী ছিল না। কাউকে আটক করা হয়নি।

এর আগে সোমবার সন্ধ্যায় নগরীর অক্সিজেন এলাকায় ২৬টি সোনার বারসহ জাকির আলম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জাকির অটোরিক্সা করে বারগুলো হাটহাজারি বাজার থেকে রেয়াজউদ্দিন বাজারে নিয়ে যাচ্ছিল বলে বায়েজিদ থানার ওসি সাইরুল ইসলাম জানান। 

বেনাপোল সংবাদদাতা জানান, সোমবার সন্ধায় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি সোনার বারসহ কামরুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করে বিজিবি। কামরুল বেনাপোলের মিজানুর রহমান শান্তির ছেলে।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাজহারুল ইসলাম জানান, পুটখালী সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের সংবাদ পেয়ে বিজিবির টহল দল সীমান্তের ‘মসজিদ পোস্ট’ এলাকায় অবস্থান নেয়। কামরুল বেনাপোল থেকে মটরসাইকেলে চড়ে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়।

কামরুলকে রাতেই বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়।

গত চার মাসে ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বেশ কয়েকটি ‘সোনার চালান’ আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।  

কখনো বিমানের টয়লেটে, কখনো যাত্রীর ব্যাগে, আবার কখনো যাত্রীর দেহ তল্লাশি করে পাওয়া যায় সোনার বার বা গয়না।

সর্বশেষ সোমবার বেলা ১১টার দিকে শাহ আমানতে দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। এর আগে ২১ নভেম্বর সেখান থেকেই দুবাই ফেরত যাত্রীর ব্যাগ থেকে জব্দ করা হয় এক কেজি পাঁচ গ্রাম ওজনের নয়টি সোনার বার। আটক করা হয় ব্যাগের মালিক নজরুল ইসলামকে।

তার আগের দিন ২০ নভেম্বর ৭৫টি বারসহ জামাল উদ্দিন নামে একজন এবং তারও দুদিন আগে ১২৮ টি বারসহ খায়রুল বাশার নামে একজনকে গ্রেপ্তার করে শাহ আমানতের কাস্টমস কর্মকর্তারা। তারাও বাংলাদেশ বিমানের একই ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম এসেছিলেন।

১৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর দেহ তল্লাশি করে সোয়া দুই কেজি সোনা উদ্ধার করা হয়।

১২ নভেম্বর কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৩৭ কেজি সোনা উদ্ধার করা হয়। গত ২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে মোট ৪১টি সোনার বার আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

এর আগে ২৯ ও ৩০ অক্টোবর শাহজালাল থেকে আটক করা হয় আরো দুটি চালান। ২০ কেজি ওজনের প্রায় ১৬৪টি সোনার বার উদ্ধার করা হয় ওই দুই দিনে।

২২ অক্টোবর দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের টয়লেটে ২৮০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন প্রায় ৩০ কেজি।

১ অক্টোবর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দোহা থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ১৪টি সোনার বার উদ্ধার হয়। এর ঠিক এক মাস আগে ১ সেপ্টেম্বর একই বিমানবন্দরে চারটি সোনার বার ও ৪১০ গ্রাম ওজনের ৬৯টি চেইনসহ একজনকে গ্রেপ্তার করে কাস্টমস কর্তৃপক্ষ।

গত অগাস্টে শাহজালাল বিমানবন্দরে একটি স্পোর্টস ব্যাগের ভেতরে থেকে ১৮ কেজি ওজনের ১৫৬টি সোনার বার উদ্ধার হয়। এর আগে ২০ অগাস্ট কলকাতাগামী এক ভারতীয় নাগরিকের কাছে সাড়ে সাত কেজি সোনা, আই ফোন ও বিপুল পরিমাণ মেমোরি কার্ড পাওয়া যায়।

২৪ জুলাই নেপাল থেকে আসা বিমানের একটি ফ্লাইটে ১২৪ কেজি সোনার বার পাওয়া যায় শাহজালাল বিমানবন্দরে। তার কয়েকদিন আগেই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছে পাওয়া যায় প্রায় ১৭ কেজি ওজনের ১৪৬টি সোনার বার।

আর গত ৬ জুলাই ঢাকায় কুয়েত থেকে আসা একটি বিমানে প্রায় ২৫ কেজি সোনার বার পাওয়া যায়।

পুরনো খবর:

উড়োজাহাজের টয়লেটে ২০ কেজি সোনা