ঈশ্বরদীতে ট্রেনে আগুন: তদন্ত কমিটি গঠন
পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে দুটি ট্রেনে আগ্নিসংযোগের ঘটনা তদন্তে মঙ্গলবার একটি কমিটি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলাও করা হয়।
বিএনপি-জামায়াত জোটের ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগে সোমবার রাত ১টার দিকে স্টেশনে দাঁড় করিয়ে রাখা সিরাজগঞ্জ এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেনে অগুন দেয় দুর্বত্তরা।
ঈশ্বরদী জিআরপি থানার ওসি এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার সকালে জিআরপি থানায় মামলাটি করেন স্টেশন সুপারভাইজার (ইঞ্জিন) মুস্তাফিজুর রহমান। মামলায় আসামিরা সবাই অজ্ঞাতনামা।
ওসি আরো জানান, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা তদন্তে সকালে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
ওসি জানান, আগুনে ঢাকা থেকে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেসের তিনটি এবং অন্য ট্রেনের দুটি বগি পুড়ে যায়। তবে ট্রেনে যাত্রী না থাকায় এ ঘটনায় কেউ আহত হননি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে দেশব্যাপী মঙ্গলবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে।
