অবরোধে বিক্ষিপ্ত সংঘর্ষ, গাড়ি ভাংচুর
তফসিল প্রত্যাখ্যান করে বিরোধী দলের ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়েছে। এছাড়া গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন
খুলনায় পুলিশ-বিএনপি সংঘর্ষ
সকালে খুলনা নগরীতে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় অবরোধকারীদের ছোড়া হাতবোমায় এক সহকারী পুলিশ কমিশনারসহ ছয় পুলিশ আহত হয়েছে।
সকাল ৮টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে এর কাছেই রাখা ২০/২২টি ট্রাক ভাংচুর করে।
এ সময় পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। পরে পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়ে।
খুলনা মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হক শাওন বলেন, নগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে শান্তিপূর্ণ অবরোধ চলাকালে পুলিশ উস্কানিমূলকভাবে বাধা দেয় এবং গুলি ছোড়ে।
সদর থানার ওসি শাহাবুদ্দীন আজাদ জানান, অবরোধকারীদের ছোড়া হাতবোমা স্পিøন্টারে সহকারী পুলিশ কমিশনার টি এম মোশাররফ হোসেন ও পাঁচ কনস্টেবল আহত হয়েছেন।
তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ সময় বিএনপি- জামায়াতের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
এদিকে পাওয়ার হাউজ মোড়ে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীরা লাঠি ও ইট নিয়ে কেডিএ এভিনিউ, শেরে বাংলা রোড, তেঁতুলতলা, শেখপাড়াসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। পরে পুলিশ তাদের অবস্থান থেকে সরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীতিতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
নোয়াখালীতে সংঘর্ষ, পুলিশের গুলি
নোয়াখালীতে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছুড়েছে পুলিশ।
সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহর মাইজীদেতে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার সময় বিএনপি ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হয় বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
তবে বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ অভিযোগ করেন, মাইজদীতে মিছিল বের করলে জামে মসজিদ মোড়ে পুলিশ তাদের লাঠিপেটা, গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে।
তিনি বলেন, এতে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কলিম উল্লা, শহর যুবদলের সধারণ সম্পাদক মনির উদ্দিনসহ ২৫ নেতাকর্মী গুলিবিদ্ধ হন।
তাদেরকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয় বলেও জানান তিনি।
পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বিএনপি-জামায়াতের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
তবে এতে কেউ হতাহত হয়নি।
গাজীপুরে সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ
সকালে গাজীপুরে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কালিয়াকৈর থানার ওসি মো. ওমর ফারুক জানান, সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি লেগুনা এবং কবিরপুর এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করে।
পরে পুলিশ ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
এছাড়া সোমবার রাত ১১টার দিকে অবরোধ সমর্থকরা সফিপুর বাজারের মৌচাক ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়রা বাসের আগুন নেভায়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার জিয়াউদ্দিন সরদার জানান, সকাল ১০টার দিকে শ্রীপুরের রাজেন্দ্রপুর স্টেশনের আউটার সিগনালে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন ও চালককে অবরুদ্ধ করে রাখে অবরোধকারীরা। অরোধকারীরা তাকে মারধোরও করেছে।
পরে সোয়া ১০টার দিকে পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে চালককে উদ্ধার করে এবং সোয়া ১০টার দিকে ঢাকার উদ্দেশ্যে রাজেন্দ্রপুর ছেড়ে যায়।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সোমাবাজার এলাকায় সকাল আটটার দিকে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
এ সময় পিকেটাররা একটি পুলিশভ্যানও ভাংচুর করেছে।
সকাল থেকে গাজীপুরে মহাসড়ক ও সড়কে বাস চলাচল বন্ধ থাকলেও রিকশা, লেগুনা ও টেম্পো চলাচল করতে দেখা গেছে।
নারায়ণগঞ্জে গাড়ি ভাংচুর , টায়ারে অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল ও বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে শিমরাইল মোড় ডাচ বাংলা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।
অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের দুরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও স্থানীয় গণপরিবহন চলাচল করতে দেখা গেছে।
ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিমরাইল ডাচ বাংলা মোড় এলাকায় থানা বিএনপির সমর্থকরা অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। পুলিশ যাওয়ার আগেই অবরোধ সমর্থনকারীরা পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, সকালে শিমরাইল এলাকায় কিছু টোকাই পোলাপান মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
কোন ভাংচুর বা গুলি ছোড়ার ঘটনা ঘটেনি।
আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অবরোধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে । এ সময় অবরোধকারীরা ৭/৮টি হাতবোমা ফাটায় এবং কয়েকটি স্থানে টায়ারে অগ্নিসংযোগ করে । পরে পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, পাঁচরুখীতে অবরোধ সমর্থনকারীরা বেশ কয়েকটি হাতবোমা ফাটিয়েছে। পুলিশ শটগানের ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান জানান, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফতুল্লায় দুইজন, রূপগঞ্জে দুইজন এবং আড়াইহাজারে একজনকে আটক করা হয়েছে।
সিলেটে রেল অবরোধের চেষ্টা
সকাল সাড়ে ৯ টায় ১৮ দলের কর্মীরা সিলেট রেলওয়ে স্টেশনের অদুরে রেললাইনে গাছের গুঁড়িতে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করে।
তবে এর আগে ট্রেন সিলেট ছেড়ে যাওয়ায় রেল চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়নি।
সিলেট রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মোহাম্মদ সেলিম জানান, সকাল ৬ টা ৪০ মিনিটে সিলেট রেলওয়ে স্টেশন থেকে কালনী এক্সপ্রেস ও ৮ টা ২০ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
সকাল পৌণে ৯টার দিকে দক্ষিণ সুরমা তেলিবাজারে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা। তারা সেখানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও হাতবোমা ফাটায়।
প্রায় আধঘন্টা পর পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে সকাল ৮টার দিকে ১৮ দলীয় জোট নেতাকর্মীরা দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলার সিনিয়র সহ সভাপতি দিলদার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী পংকী, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. সায়েফ আহমদ, নায়েবে আমীর হাফিজ আবদুল হাই হারুন প্রমুখ।
সকাল থেকে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস । এছাড়া চলছে না স্বল্প পাল্লার মিনিবাসও।
বিভিন্ন রুটে বিচ্ছিন্নভাবে কিছু অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আইয়ুব জানান, অবরোধ শান্তিপুর্ণভাবেই চলছে। অবরোধে জন নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ,রয়েছে র্যাব-বিজিবির টহল।
চাঁদপুরে সড়ক অবরোধ, আটক ১৪
অবরোধের প্রথম দিনে চাঁদপুর-কুমিল্লা সড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেছে পিকেটাররা।
সকাল থেকেই তারা সড়কের বাকিলা, বলাখাল, ঘোষেরহাট, দেবপুরসহ বিভিন্ন স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করে।
অবরোধে দূরপাল্লার সকল যানবাহন, লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এছাড়া চাঁদপুর-লাকসাম রেলপথে আগুন দিয়েছে পিকেটাররা।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, বিভিন্ন স্থানে পিকেটিংয়ের সময় পুলিশ ১৪ জনকে আটক করে।
বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক
অবরোধে বরিশালে সড়ক পথে যান চলাচল বন্ধ থাকলেও লঞ্চ চলাচল রয়েছে স্বাভাবিক।
সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের পৃথক স্থানে অবরোধ করে বিক্ষোভ করেছে জেলা ও মহানগর বিএনপি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর সাড়ে ৬টায় নগরীর উপকন্ঠ গাড়িয়ারপাড় এলাকায় জেলা বিএনপি সাধারন সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের অবরোধ করে জেলা বিএনপি।
তারা সড়কে বসে পড়ে নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করে।
সকাল সাড়ে ৯টায় একই সড়কের কাশীপুর বাজার এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে মহানগর বিএনপির নেতকর্মীরা।
পরে সেখানে মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার নেতৃত্ব বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানার ওসি মো. শহীদউল্ল্যাহ জানান, বিএনপির নেতাকর্মীরা কাশিপুরে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে। পরে পুলিশ গিয়ে তা তুলে দেয়।
বরিশালের অভ্যন্তরীন ও স্থানীয় রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
লঞ্চ চালক মো. সবুজ জানান, বরিশালের লঞ্চ চলাচলে অবরোধের কোন প্রভাব পড়ে নি। প্রতিদিনের ন্যায় ভোর থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে সবকটি লঞ্চ।
