২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ১৮ দল ও পুলিশের সংঘর্ষ

রাজশাহীতে ১৮ দলের মিছিল থেকে পুলিশ ফাঁড়িতে হামলার পর দুপক্ষের সংঘর্ষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 09:51 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সোমবার রাতে নগরীর মালোপাড়া বিএনপি কার‌্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল থেকে একশ’ গজ দূরে অবস্থিত পুলিশ ফাঁড়িতে হামলা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এর আগে সন্ধ্যায় স্থানীয় আঞ্চলিক নির্বাচন অফিস চত্বরে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, এ সময় হামলাকারীরা ৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং প্রচুর ইটপাটকেল নিক্ষেপ করে।

অতিরিক্ত পুলিশ এসে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়তে শুরু করলে পুলিশের সঙ্গে ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষ বেধে যায় বলে জানান ওসি।

পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সাহেববাজার, সোনাদিঘী, গণকপাড়া, রাজারহাতা ও হেতেমখা এলাকাতেও।

এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যদেরকে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে জানালেও তাদের সংখ্যা কত তা জানাতে পারেননি ওসি জিয়াউর রহমান।