দেরিতে পরীক্ষা শুরু, কেন্দ্র সচিবকে অব্যাহতি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১৭টি কেন্দ্রে নির্ধারিত সময়ের দেড়ঘণ্টা পর পরীক্ষা শুরুর ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যাহতি দেয়া হয়েছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী মো. আসাদুজ্জামান কবীর জানান, ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেনকে কেন্দ্র সচিব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এছাড়া এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি সোমবার তাদের সুপারিশ জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছে।
তদন্ত কমিটি প্রধান ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আব্দুর রশীদ জানান, কর্তব্য অবহেলার দায়ে হায়দার হোসেন ও একই স্কুলের সহকারী শিক্ষক নূরুল আলম মোল্লার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রোববার প্রাথমিক শিক্ষা সমাপনীর ইংরেজি বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্রের বাক্সটি ভাঙ্গা থানায় রাখা ছিল। কেন্দ্র সচিব হায়দার হোসেন শনিবার শেষ হওয়া জেএসসি পরীক্ষার উত্তরপত্রের বাক্সের সঙ্গে প্রশ্নপত্রের বাক্সটি ভুল করে ঢাকায় পাঠিয়ে দেন।
পরীক্ষার প্রশ্নপত্র কম পড়ায় ফটোকপি করে প্রশ্ন দিয়ে দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গার ১৭টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।
এ ঘটনায় ওইদিনই ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুর রশীদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়।
