মহাখালীর হোটেলে হাত-পা বাঁধা লাশ
রাজধানীর মহাখালী এলাকায় একটি আবাসিক হোটেলে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ পাওয়া গেছে।
এই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে হোটেলের ব্যবস্থাপকসহ দুজনকে।
বনানী থানার এসআই শরিফ হোসেন জানান, সোমবার সকাল ১০টার দিকে মহাখালী ফ্লাইওভারের পশ্চিম পাশে ‘মদিনা হোটেল’ এর ৬ষ্ঠ তলার ৪৯ নম্বর কক্ষে লাশটি পাওয়া যায়।
হোটেলের নিবন্ধন খাতায় ওই যুবকের নাম লেখা আছে হেলাল (২৫)। বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়, বাবার নাম ইসাহাক মিয়া।
ব্যবসায়ী পরিচয় দিয়ে রোববার বিকাল ৩টায় হোটেলে একাই উঠেছিলেন তিনি।
সিআইডি পরিদর্শক মর্তুজা কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের পরনে ছিল লুঙ্গি ও হাফ হাতা গেঞ্জি। হাত ও পা রশি দিয়ে বাঁধা, গলায় দাগ পাওয়া গেছে। শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন নেই।
বনানী থানার ওসি ভুইয়া মাহবুব হাসান জানান, ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ব্যবস্থাপক মো. শাহীন এবং কর্মচারী মো. নজরুলকে আটক করা হয়েছে।
এসআই শরিফ জানিয়েছেন, নিহতের স্বজনদের খবর দেয়ার জন্য উল্লাপাড়া থানায় জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যেহেতু লাশের হাত-পা বাঁধা ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।”
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
