২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ‘জামায়াতি’ তাণ্ডব বন্ধের দাবি জনপ্রতিনিধিদের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের বিস্তীর্ণ এলাকাজুড়ে জামায়াত-শিবিরের অব্যাহত নাশকতা ও তাণ্ডব বন্ধে ‘কঠোর পদক্ষেপের’ দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2013, 05:18 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সীতাকুণ্ড উপজেলার ইউনিয়ন পরিষদ সমিতি এ দাবি জানায়।

সম্মেলনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে মহাসড়কে চলমান তাণ্ডবের বিচারসহ উস্কানি ও মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সাংবাদিকদের লিখিত বক্তব্য পড়ে শোনান সমিতির সভাপতি ও ২ নম্বর বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণার পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় এক হাজার গাড়ি ভাংচুর এবং শতাধিক গাড়িতে অগ্নিসংযোগ করেছে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা।

তারা হরতালের আগে রাতে মহাসড়ক অবরোধ করে যানবাহনে ডাকাতি ও লুটপাটও চালিয়েছে, যার কারণে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে।

রেহান জানান, গত আট মাসে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়সহ কুমিরা থেকে নুনাছড়া পর্যন্ত ২৭ কিলোমিটার এলাকায় মেস বাড়ি ভাড়া করেছে এবং পাহাড়েও আস্তানা গেড়েছে জামায়াত-শিবির কর্মীরা।

তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের রক্ষা করতে এবং সরকারবিরোধী আন্দোলনে নিজেদের অস্তিত্ব প্রমাণে বাংলাদেশকে অচল করতে এলাকার গরীব, শ্রমিক ও শিশুদের অর্থের প্রলোভন দেখিয়ে নাশকতা ও তাণ্ডবে ব্যবহার করছে।”

জামায়াতি এই নাশকতা ও তাণ্ডব বন্ধে প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন তারা।

দাবিগুলোর মধ্যে আরো রয়েছে- সীতাকুণ্ডে চিরুনী অভিযান চালিয়ে সন্ত্রাসী-বহিরাগত ক্যাডারদের আইনের আওতায় আনা ও অবৈধ অস্ত্র উদ্ধার, পরিবহণের অবাধ চলাচল নিশ্চিত করতে মহাসড়কে সব ধরনের সভা, সমাবেশে ও মিছিল নিষিদ্ধ করা, চার লেনে সম্প্রসারণের কাজ দ্রুত শেষ করা এবং মহাসড়কে হাইওয়ে পুলিশের নজরদারি বাড়ানো।

তাদের দাবি না মানা হলে আগামীতে প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা সভা বর্জনের হুমকি দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

রেহান জানান, গত ২০ নভেম্বর জামায়াত-শিবিরকর্মীরা বাড়বকুণ্ড ইনিয়নের চেয়ারম্যান সাদাকাত উল্লাহর ব্যক্তিগত গাড়িসহ তার আত্মীয়স্বজনের নয়টি বাড়িতে অগ্নিসংযোগ করে, যার কারণে অপর ইউপি চেয়ারম্যানরা আতঙ্কে দিন কাটাচ্ছে।

তিনি বলেন, “আমাদের ধারণা জামায়াত-শিবির সাতকানিয়া, লোহাড়গাড়া, ফটিকছড়িসহ চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে কর্মী জড়ো করে এ ধরনের নাশকতা চালাচ্ছে।” 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ, এক নম্বর সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম, মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম ও বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর।