ফরিদপুরে ব্যাংকের কম্পিউটার হার্ডডিস্ক চুরি
ফরিদপুর শহরে সোনালী ব্যাংক ভবনে কম্পিউটারের ১৭টি হার্ডডিস্ক ও চারটি মনিটর চুরি হয়েছে। এছাড়া ভাংচুর করেছে ১৭টি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ)।
শহরের ঝিলটুলী এলাকায় ভবনটির জিএম অফিস, প্রিন্সিপাল শাখা এবং ফরিদপুর প্রধান শাখায় রোববার রাতে এ চুরি হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ব্যাংকের ফরিদপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল গফুর জানান, চোরেরা ওই ভবনের বিভিন্ন অফিসের মোট ১৭টি হার্ডডিস্ক ও চারটি মনিটর চুরি করেছে এবং ১৭টি সিপিইউ ভেঙে ফেলেছে।
হার্ডডিস্ক ও সিপিইউ চুরি হলেও এতে গ্রাহকের কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি।
এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ সোমবার ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
তিনতলা সোনালী ব্যাংক ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় সোনালী ব্যাংক ফরিদপুর শাখা অফিস এবং তৃতীয় তলার একপাশে জেনারেল ম্যানেজারের (জিএম) কার্যালয় ও অন্যপাশে প্রিন্সিপাল অফিস।
ব্যাংকের পুলিশ গার্ড নিচতলায় থেকে পাহারা দেয় বলে জানান তিনি।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে ভবনের ছাদের দরজা খোলা ছিল। ভবনের পাশের গাছ বেয়ে ছাদ দিয়ে চোরেরা ওই অফিসে ঢুকেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।
