সাভারে সহিংসতা: শ্রমিকদের বিরুদ্ধে মামলা
সাভারে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীদের সঙ্গে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় পেশাক শ্রমিকদের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা হয়েছে।
রোববার রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন ফায়ার সার্ভিসের সাভার স্টেশন অফিসার খান খলিলুর রহমান।
আড়াই কোটি টাকা ক্ষতিপূরণের এই মামলায় আল-মুসলিম গ্রুপের অজ্ঞাতনামা কয়েকহাজার শ্রমিককে আসামি করা হয়।
রোবার সকালে ফায়ার সার্ভিস অফিসের সামনে কারখানার একটি শ্রমিকবাহী বাস থামানোর সময় এর ধাক্কায় তা ওই অফিসের ‘পার্কিং নিষেধ’ লেখা একটি সাইনবোর্ড পড়ে যায়। এ ঘটনায় কথা কাটাকাটির জেরে কয়েকজন শ্রমিককে ধরে ফায়ার সার্ভিসের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
পরে ‘দমকলকর্মীরা কয়েকজন নারী শ্রমিককে ধরে নিয়ে নির্যাতন করছে’ গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা সেখানে হামলা চালয়। তারা কার্যালয়ের আসবাবপত্র, কয়েকটি গাড়ি, মোটরসাইকেলে ভাংচুর চালায়। কয়েকজন কর্মকর্তাকে মারধর করে।
পরে পুলিশ গিয়ে সংঘর্ষ থামাতে লাঠিপেটা, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফাইল ছবি
এ সময় হাজার হাজার শ্রমিক দমকল অফিসে ঢুকে কর্মকর্তাদের মারধর করে। উচ্ছৃঙ্খল শ্রমকরা সরকারি সম্পত্তি, আসবাবপত্র, চারটি গাড়ি, মোটরসাইকেল, পাম্প, বেতার যন্ত্র ভাংচুরের পর অগ্নিসংযোগ করে।
এছাড়া স্টেশন অফিসারের বাসায় হামলা চালিয়ে টেলিভিশন, মোবাইল, কম্পিউটার, প্রিন্টারসহ অন্যান্য মালামাল ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়।
এসব হামলা ও ভাংচুরে দুই কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয় মামলায় উল্লেখ করা হয়।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
