চেক জালিয়াতি: নিউ ইয়র্কে ৭ বাংলাদেশি গ্রেপ্তার
চেক জালিয়াতি করে নিউ ইয়র্কের ১৫টি ব্যাংক থেকে ৮০ লাখ ডলার হাতিয়ে নেয়ার অভিযোগে সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ।
নিউ ইয়র্কের ম্যানহাটানের অ্যাটর্নি প্রিট ভ্যারারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই প্রতারক চক্রটি গত সাড়ে তিন বছরে এই জালিয়াতির ঘটনা ঘটিয়েছে। এই চক্রের আরো পাঁচ সদস্যকে পুলিশ খুঁজছে।
স্থানীয় পুলিশ জানায়, নিউ ইয়র্ক ও জর্জিয়ার বিভিন্ন এলাকা থেকে ওই সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার জন এফ কেনেডি বিমানবন্দরে এমিরেটসের একটি ফ্লাইট থেকে সাঈদ আল হোসেন ওরফে সুমন নামের একজনকে প্রেপ্তার করা হয়। এর আগে আরেকটি অপরাধে তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল।
গ্রেপ্তার বাকি ছয়জন হলেন- জামান মাহবুব ওরফে ফয়সাল ওরফে মাহবুবুজ্জামান, মো. গোলাম আজম ওরফে সোহাগ ওরফে ফয়েজ আহমেদ খান ওরফে কামাল পাশা, মো. খলিল ওরফে রবিন ওরফে আওয়াল হাসান, মো. নজরুল ইসলাম, এ কে এম গোলাম হোসেন ওরফে মোহাম্মদ উদ্দিন ওরফে সারিয়ী আমেবি ওরফে পাঙ্খা ওরফে জেমস পালাম ওরফে মোহাম্মদ শেখ ইসলাম ও দীপক রানা ওরফে নূর হোসেন।
বিভিন্ন সময়ে বিভিন্ন নামে তারা প্রতারণা করে আসছিল বলে যুক্তরাষ্ট্র পুলিশের অভিযোগ।
এই চক্রের সদস্য সন্দেহে হামিদ খান ওরফে আব্দুল হামিদ, আখতার রহমান, আব্দুর রাজ্জাক, খায়রুল ইসলাম, রেজা ওরফে মোহাম্মদ রেজা ওরফে জসীম মো. রেজাকেও খুঁজছে পুলিশ।
অ্যাটর্নি প্রিট ভ্যারারা জানান, গ্রেপ্তার সাতজনকে ফেডারেল আদালতে তোলা হলে ছয়জন নিজেদের দোষ স্বীকার করেছে। পরে তাদের সবাইকে কারাগারে পাঠিয়েছে ম্যানহাটানের আদালত।
মামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, চক্রের সদস্যরা ‘অভিনব কায়দায়’ জাল পরিচয়পত্র, জাল ড্রাইভিং লাইসেন্স, জাল ভিসা তৈরি করে ভুয়া কোম্পানি খুলে ভুয়া স্যোশাল সিকিউরিটি নম্বর ব্যবহার করে টেলিফোন, গ্যাস ও বিদ্যুত সংযোগও নিয়েছিলেন।
আলাদা নাম ব্যবহার করে জাল কাগজ দেখিয়ে তারা বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের নামে ১৫টি ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন। এরপর জাল চেক জমা দিয়ে দুয়েক দিন পর এটিএম বুথ থেকে টাকা তুলে নেন।
কয়েক বছর আগেও রিয়েল এস্টেট প্রতারণা, ব্যাংক প্রতারণা, ক্রেডিট কার্ড জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে ১৪ বাংলাদেশিকে গেপ্তার করে যুক্তরাষ্ট্র পুলিশ। জামিনে মুক্তি পাওয়ার পর তাদের মধ্যে দুজন পালিয়ে যান। বাকিদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
