গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
গোপালগঞ্জ সদর উপজেলায় ইজিবাইক চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় উপজেলার নীলারমাঠ শহীদ মাহাবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র অপু সিকদার (১০)। অপু উপজেলার গোবরা গ্রামের কাওসার সিকদারের ছেলে।
এ ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে রাখে স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা।
ওসি মো. জাকির হোসেন মোল্লা বলেন, রোববার প্রাথমিক সমাপণী পরীক্ষা শেষে ঘোনাপাড়া থেকে থ্রিহুইলারে (মাহেন্দ্র) করে নীলার মাঠে এসে নামে অপু। এ সময় একটি ইজিবাইক তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন সকাল সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
তিনি জানান, এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে সকাল ৯টার দিকে ওই স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা গোবরা নীলারমাঠ এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে। পরে বেলা ১১টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়।
